অস্ত্র দিয়ে সন্ত্রাসবাদ দমন করা যায় না: খালেদা জিয়া
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের সম্পৃক্ততা না থাকলে সবসময় অস্ত্র দিয়ে সন্ত্রাসবাদ দমন করা যায় না। জনগণের সম্পৃক্ততা ছাড়া সন্ত্রাস দমন টেকসই হয় না।আজ শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বাংলাদেশে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জিওফফ্রে পায়াটের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।বৈঠকে উপস্থিত বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে এ কথা জানান। জিওফফ্রে পায়াট বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে শমসের মবিন চৌধুরী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাস দমনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে খালেদা জিয়া বলেছেন, সন্ত্রাসবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জাতীয় সংসদের অধিবেশনে বিএনপি করে যোগ দেবে—জানতে চাইলে শমসের মবিন চৌধুরী বলেন, সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে কোন আলোচনা হয়নি। সুষ্ঠু পরিবেশ তৈরি হলে বিএনপি নিশ্চয়ই সংসদে যাবে। জিওফফ্রে পায়াট সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদ দমন-উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেছি। আমরা মনে করি, সকলের অংশগ্রহণে সংসদ কার্যকরের মাধ্যমে দেশের গণতন্ত্র সুসংহত হবে।’