অস্ত্র নিয়ন্ত্রণে ওবামার ওপর চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে প্রাণহানির ঘটনায় দেশটির আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন মূল্যায়নে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাটদের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক প্রাথমিক স্কুলে গতকাল এক বন্দুকধারীর গুলিতে ২০ জন শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়। অ্যাডাম লানজা নামের ২০ বছর বয়সী একজন বন্দুকধারী গুলি ছুড়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জঘন্য এ হত্যাযজ্ঞ ঘটান। বন্দুকধারী পরে গুলিতে আত্মহত্যা করেন।গতকালের ঘটনা প্রেসিডেন্ট ওবামা ও মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কান্নাজড়িত কণ্ঠে ওবামা বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপ দরকার। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে গতকাল বিকেলে তীব্র শীতের মধ্যেও দুই শতাধিক বিক্ষোভকারী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন।নিউইয়র্ক শহরের মেয়র মাইক ব্লুমবার্গও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এর ফলে দেশটির আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন ও সহজে আগ্নেয়াস্ত্র পাওয়ার দিকটি নতুন করে মূল্যায়নের জন্য সামনে চলে এসেছে। সর্বশেষ এই ঘটনা কোনো ধরনের রাজনৈতিক ভীতি ছাড়াই ওবামাকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে উদ্যোগী করবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ওবামা নিজেও অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে। তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছে থাকায় তাঁরা এই পদক্ষেপের বিরোধিতা করতে পারে। ১৯৯৪ সাল থেকে মার্কিন আইনপ্রণেতারা বড় ধরনের কোনো অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুমোদন করেননি। এর মূলে রয়েছে আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারকদের জোর তত্পরতা ও বন্দুকধারী ভোটারদের নেতিবাচক প্রতিক্রিয়ার ভীতি।অস্ত্র নিয়ন্ত্রণ আইনের অভাবে দেশটিতে একের পর এক গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা ঘটে চলেছে।