দক্ষিণায়ন ছাত্রাবাসের (নতুন হল) নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা কলেজে এখনো উত্তেজনা চলছে। ওই ছাত্রাবাসের ছাত্রদের অভিযোগ, শিহাব-রনি পক্ষের নেতা আকতারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী গতকাল বৃহস্পতিবার বিকেলে অস্ত্র নিয়ে ওই ছাত্রাবাসে প্রবেশ করেন। পরে তাঁরা ছাত্রাবাসের গেটে অবস্থান নেন। প্রতিপক্ষও ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাস দখলের ঘটনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আবদুল বাছেদ গালিব ওরফে পাভেলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল ঢাকার মহানগর হাকিম শাহাদত হোসেন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।নতুন ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা কলেজের ছাত্রলীগের শিহাব-রনি পক্ষের সঙ্গে তারেক-গালিব-টিটো পক্ষের সংঘর্ষ হয়। ছাত্রদের অভিযোগ, ওই সংঘর্ষ চলাকালে ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র আকতারুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন কক্ষে হামলা হয়। সংঘর্ষের পর অন্যদের সঙ্গে তাঁকে পুলিশ গ্রেপ্তারও করেছিল। কিন্তু পরে সাবেক নেতাদের তদবিরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নতুন ছাত্রাবাসের একাধিক ছাত্র প্রথম আলোকে বলেন, আকতার ও কবিরের নেতৃত্বে ছাত্রলীগের শিহাব ও রনি পক্ষের কর্মীরা গতকাল বিকেলে সশস্ত্র অবস্থায় নতুন ছাত্রাবাসের গেটে অবস্থান নিয়েছেন। তাঁরা বাইরের কাউকে ঢুকতে দিচ্ছেন না। ছাত্রাবাসের প্রাধ্যক্ষ আইয়ুব হোসেন ও কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিনকে ঘটনা জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। বিলুপ্ত কমিটির গ্রন্থনা ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল আলম ওরফে টিটু প্রথম আলোকে বলেন, আকতার সশস্ত্র অবস্থায় ছাত্রাবাসের গেটে আছেন। তাঁরা জোর করে ওই হলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। বিলুপ্ত কমিটির পরিবেশবিষয়ক সহসম্পাদক শিহাব বলেন, কলেজের দক্ষিণ ও নতুন ছাত্রাবাসটি অনেক দিন ধরেই তাঁদের নিয়ন্ত্রণে। গতকাল তাঁর কর্মীরা ফের ওই হলে গেছেন। শিহাব অভিযোগ করে বলেন, কলেজের বাকি পাঁচটি হলের চারটি প্রতিপক্ষের নেতাদের দখলে। কিন্তু এর পরও তাঁরা এই হলটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন।ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষকদের নিয়ে তিনি ক্যাম্পাসের পরিস্থিতি দেখছেন। ওই হলের সিট নিয়ে যেন কোনো সংঘর্ষ না হয়, সে জন্য মেধার ভিত্তিতে খালি হওয়া সিটগুলো বণ্টন করা হবে। তবে মাস্টার্স পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ছেলেরা হলে থাকতে পারবে। নতুন ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এ সময় অন্তত ২৫ থেকে ৩০টি গুলি ও ৩০ থেকে ৪০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোর সাড়ে পাঁচটার দিকে একযোগে সবগুলো হলে পুলিশ তল্লাশি চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আবদুল বাসিত ওরফে গালিবের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২টি গুলি ও সাড়ে ৩২ হাজার টাকা।আদালত প্রতিবেদক জানান, ঢাকা কলেজ থেকে গ্রেপ্তার গালিবকে নিউমার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার তাঁদের জামিনের আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন আদালত।