অস্ত্র বহন করতে ট্রাক ভাড়া করেন এনএসআইয়ের কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল থেকে সিলেটের মৌলভীবাজারে লবণ নেওয়ার কথা বলে অস্ত্র পরিবহনের জন্য গ্রিন ওয়েজ ট্রান্সপোর্ট থেকে ট্রাক ভাড়া করেছিলেন এনএসআইয়ের তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) আরেক কর্মকর্তা মেজর লিয়াকত হোসেন। তিনি নিজেকে আবুল হোসেন নামে পরিচয় দেন।১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষ্যে এ তথ্য দেন চট্টগ্রামের গ্রিন ওয়েজ ট্রান্সপোর্টের মালিক মো. হাবিবুর রহমান। তিনি গতকাল বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন।সাক্ষ্যে হাবিবুর রহমান বলেন, ‘২০০৪ সালের ১ এপ্রিল আনুমানিক সাড়ে ১২টার সময় আমি আমার কর্মস্থলে বসে ছিলাম। এ সময় পূর্বপরিচিত এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন একজন সঙ্গীসহ আমার অফিসে আসেন। ওই সঙ্গীর নাম আবুল হোসেন বলে তখন আকবর পরিচয় করিয়ে দেন। কিছুক্ষণ বসার পর তাঁরা বললেন, পটিয়ার ইন্দ্রপুল থেকে সিলেটের মৌলভীবাজারে লবণ পরিবহনের জন্য সাতটি ট্রাক প্রয়োজন। এরপর আমার অফিসের ম্যানেজার তসলিম উদ্দিন মল্লিককে ডেকে বাজার থেকে ট্রাক ভাড়া করে দিতে বলি।’হাবিবুর রহমান বলেন, তসলিম উদ্দিন মধ্যস্থতাকারী (ব্রোকার) শেখ আহমেদকে সঙ্গে নিয়ে প্রতিটি ছয় হাজার টাকা করে সাতটি ট্রাক ভাড়া করে আকবর হোসেনকে বুঝিয়ে দেন। তিনি বলেন, ‘পরদিন ২ এপ্রিল (২০০৪) সকাল সাড়ে নয়টায় টেলিফোনে জানতে পারি, যে ট্রাকগুলো ভাড়া দেওয়া হয়েছিল, সেগুলো অস্ত্রসহ সিইউএফএলের ঘাটে ধরা পড়েছে। উদ্বিগ্ন হয়ে ম্যানেজার তসলিমকে খোঁজ নিতে বলি।’হাবিবুর আরও বলেন, ‘ট্রাকে কিছু লবণ তোলা হয়েছিল, তবে কোথা থেকে লবণ তোলা হয়েছিল, তা জানি না।’ সাক্ষ্য শেষে আদালতের কাঠগড়ায় উপস্থিত আসামি আকবর হোসেন এবং ট্রাক ভাড়ার সময় আবুল হোসেন পরিচয়দানকারী মেজর লিয়াকতকে চিহ্নিত করেন হাবিবুর রহমান। মধ্যাহ্ন বিরতির পর হাবিবুর রহমানকে জেরা শুরু করেন আকবর হোসেনের আইনজীবী মো. শাহাবুদ্দিন। জেরা অসমাপ্ত রেখেই আজ (বৃহস্পতিবার) পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়েছে।