অস্ত্র বাজেয়াপ্ত, তবে আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের সময়ে ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানায় র্যাবের করা অস্ত্র মামলাও রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহার করা হয়েছে। গত বছরের ৭ নভেম্বর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মো. নুরুল ইসলাম মামলার দুই আসামিকে খালাস দিয়েছেন। কিন্তু তাঁদের কাছ থেকে জব্দ করা অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। একই আদালত গত ২৫ জানুয়ারি শ্যামপুর থানার একটি অস্ত্র মামলাও প্রত্যাহার করে একমাত্র আসামি তানসেন মাতব্বরকে অব্যাহতি দিয়েছেন। পল্লবী থানার মামলা: সূত্র জানায়, গত বছরের ২৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনৈক আমিনুল হক ও গিয়াস উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে করা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকার মহানগর সরকারি কৌঁসুলিকে চিঠি দেওয়া হয়। মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু ১৯ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আবেদনে বলা হয়, রাষ্ট্রপক্ষ মনে করে, মামলাটি পরিচালনা করলে সরকার লাভবান হবে না। তাই মামলাটি প্রত্যাহার করা আবশ্যক। এর পরিপ্রেক্ষিতে আদালত গত বছরের ৭ নভেম্বর আদেশ দেন। পল্লবী থানার ওই মামলার এজাহারে বলা হয়, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকার নাজমা ডোম ইনো রেকটোরিয়া ভবনের সামনে র্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে দুই আরোহী পালানোর চেষ্টা করেন। তৎক্ষণাৎ তাঁদের ধরে আরোহী আমিনুল হকের দেহ তল্লাশি করলে তাঁর কাছে ছয়টি গুলিভর্তি অস্ত্র পাওয়া যায়। অপর আরোহী গিয়াস উদ্দিন আহম্মেদের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়। তাঁরা অস্ত্র ও গুলির বৈধ কাগজ দেখাতে না পারায় র্যাব-৪-এর আর্মড উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম পরদিন বাদী হয়ে অস্ত্র আইনে পল্লবী থানায় দুজনকে আসামি করে মামলা করেন। এজাহার অনুযায়ী, পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কৃপা সিন্ধুবালা ঘটনা তদন্ত করে ওই বছরের ২৫ মার্চ আমিনুল ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, আসামি আমিনুল হক একজন ব্যবসায়ী, তবু নিজ দখলে রাখা অস্ত্র ও গুলি সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন এবং তাঁর সহযোগী গিয়াস উদ্দিন আহম্মেদ ওই অস্ত্র ও গুলি সম্পর্কে জ্ঞাত ছিলেন। অবৈধভাবে অস্ত্র দখলে রাখা এবং অস্ত্র সম্পর্কে জ্ঞাত থাকায় দুই আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) এবং ১৯ (এফ) ধারায় অভিযোগ আনা হয়। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়। আলামত হিসেবে বিদেশে তৈরি একটি পিস্তল (গায়ে লেখা ৩০৩২ TOMCAT-৩২ AUTO, MADE IN USA), ছয়টি গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি মোটরসাইকেল আদালতে দাখিল করা হয়। গত বছরের ২৭ এপ্রিল ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর তৎকালীন বিচারক মতিয়ার রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।এখন রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার এবং আসামিদের অব্যাহতি দেওয়ায় অস্ত্র-গুলি কোথা থেকে এসেছে বা এর মালিক কে, সে প্রশ্ন তুলেছেন কয়েকজন আইনজীবী। এ বিষয়ে জানতে চাইলে মহানগর পিপি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য গঠিত জাতীয় কমিটির প্রস্তাবের ভিত্তিতে আদালতে আবেদন করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না-করা আদালতের এখতিয়ার। আসামিকে অব্যাহতি দিয়ে অস্ত্র-গুলি বাজেয়াপ্ত করার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ এফ এম রিজাউর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। শ্যামপুর থানার মামলা: ২০০৬ সালের ১৩ নভেম্বর রাজধানীর জুরাইনের একটি বাসায় র্যাব অভিযান চালিয়ে তানসেনকে একটি পিস্তলসহ আটক করে। পরে তাঁর দেখানো মতো ঘরের মেঝে থেকে আরও একটি অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৩-এর উপসহকারী পরিচালক মো. আকতারুজ্জামান বাদী হয়ে শ্যামপুর থানায় অস্ত্র আইনে এ মামলা করেন। থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তাজুল হুদা ওই বছরের ২৪ নভেম্বর তানসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগপত্র দেন।আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য গঠিত জাতীয় কমিটি মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু গত বছরের ১৬ মার্চ মামলাটি প্রত্যাহার করে আসামিকে অব্যাহিত দেওয়ার আবেদন করেন বিশেষ ট্রাইব্যুনাল-৭-এ। আদালত গত ২৫ জানুয়ারি মামলাটি প্রত্যাহার করে আসামিকে খালাস দেন। তবে পূর্ণাঙ্গ আদেশ এখন প্রচার না করায় উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আদালত কী সিদ্ধান্ত দিয়েছেন, তা জানা সম্ভব হয়নি। আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। ওই সিদ্ধান্তের ভিত্তিতে এ আবেদন করা হয়। তবে মামলা প্রত্যাহার করা না-করার বিষয়টি আদালতের এখতিয়ার।