অস্ত্র মামলায় মেজর (অব.) জয়নালসহ ২২ জনকে ৭ বছর করে কারাদণ্ড
একটি অস্ত্র মামলায় ফ্রিডম পার্টির সদস্য মেজর (অব.) জয়নাল আবেদীনসহ ২২ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার আগে কারাগারে আটক জয়নাল আবেদীনকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি ২১ জন আসামি পলাতক রয়েছে।অন্য আসামি বজলুল হুদাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় দেওয়া ফাঁসির আদেশ কার্যকর হওয়ায় এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ শহরে প্রকাশ্যে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুলি করে মাইক্রোবাসে চড়ে পালিয়ে যাওয়ার সময় ত্রিশাল থানার পুলিশ ওই ২৩ জনকে আটক করে। এ সময় তাদের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, চাপাতি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে ত্রিশাল থানায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়।অন্যদিকে নুরুল ইসলামকে হত্যার অভিযোগে ময়মনসিংহ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ওই বছরই ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে।