অস্ত্র মামলায় অভিযোগপত্র, হত্যা মামলায় শিগগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের জোড়া খুনের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। মো. রুবেল ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিস ছাড়াও তাঁদের দুই মেয়েকে হত্যার পরিকল্পনা করেছিলেন। অস্ত্র চালনায় পারদর্শী না হওয়ায় সে দিন প্রাণে বেঁচে যান নিহত দম্পতির দুই মেয়ে। অভিযোগপত্রে এমনটিই বলছে পুলিশ। কাল সোমবার হত্যা মামলাটির অভিযোগপত্র দাখিল হতে পারে বলে গোয়েন্দা পুলিশ সূত্র জানায়। মামলায় রুবেলসহ চারজনকে অভিযুক্ত করা হচ্ছে। এর আগে ৮ মে একই ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা অন্য মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে। ওই মামলায় রুবেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সাদেক দম্পতির ছোট মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন কারাগারে আটক রুবেল। পরিবারটি সম্মত না হওয়ায় গত ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরের ভাড়া বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয় নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে। হত্যাকাণ্ডের পর পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা ও পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রুবেল ও মিথুন চন্দ্র চন্দ ছাড়া আরও দুজনকে অভিযুক্ত করা হচ্ছে। অভিযোগপত্রে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা প্রত্যেকেই পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রুবেল ও মিথুন চন্দ্র চন্দ হত্যাকাণ্ডটি রুবেলই ঘটিয়েছেন বলে স্বীকার করেন।মামলার তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনার আগের দিন রুবেল তাঁর মামা আলতাফ হোসেন আলতুর কাছ থেকে ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল সংগ্রহ করেন। পরে তাঁরই এক বন্ধু পিন্টুর কাছে জমা রাখেন। ঘটনার দিন সকালে রুবেল অস্ত্রটি সংগ্রহ করে মিথুনের সঙ্গে সাদেকুর রহমানের বাড়িতে যান। তিনি বিয়ের প্রস্তাব দিলে সাদেকুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। রুবেল প্রথমে সাদেকুর রহমান ও পরে রোমানা নার্গিসকে গুলি করেন। কিন্তু পিস্তল চালনায় দক্ষ না হওয়ায় তাঁদের দুই মেয়েকে গুলি করার চেষ্টা করেও ব্যর্থ হন রুবেল। পিস্তলটিতে মোট চারটি গুলি ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। তদন্তে গোয়েন্দা পুলিশ মোট ছয়জনের সাক্ষ্য নিয়েছে। এ ছাড়া বাড্ডা থানার পুলিশ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, হত্যা মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে কিছুটা সময় নিয়ে অভিযোগপত্রটি তৈরি করা হয়েছে। অস্ত্র মামলায় অভিযোগপত্র: এ ঘটনায় অস্ত্র আইনে করা অপর মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে ৮ মে। এতে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—আলতাফ হোসেন ওরফে আলতু, মো. রুবেল, মিথুন চন্দ্র চন্দ, দেলোয়ার হোসেন ওরফে দীপু, নাজমুল ইসলাম ওরফে বাবু, পিন্টু ও অনীক। পিন্টু ও অনীক পলাতক।পরিবার নিরাপত্তাহীন: নিহত দম্পতির বড় মেয়ে গতকাল প্রথম আলোকে জানান, তাঁরা এখনো বাড়ির বাইরে বের হচ্ছেন না। তাঁর ছোট দুই বোনের কেউই এখনো স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছেন না। বিভিন্ন মুঠোফোন থেকে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। তাঁরা তদন্ত কর্মকর্তাকে এসব বিষয় অবহিত করেছেন বলেও জানান।