অস্ত্র মামলায় খালাস পেলেন সলিমউল্লাহ
ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ ওরফে সলুর বিরুদ্ধে করা অস্ত্র মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে তাঁকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন।বিএনপি-সমর্থিত সলিমউল্লাহ ঢাকা সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৪ জুলাই মগবাজারের একটি ফ্ল্যাটে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় সলিমউল্লাহকে। পরে তাঁর মোহাম্মদপুরের বাসা থেকে লাইসেন্স করা শটগান, অবৈধ গুলি ও ছোরা উদ্ধার করা হয়।পরের দিন ১৫ জুলাই তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র মামলাটি করেন র্যাবের উপপরিদর্শক (এসআই) বাবর আলী। মোহাম্মদপুর থানা পুলিশ ২০০৭ সালের ৬ আগস্ট অভিযোগপত্র দেয়।রাষ্ট্রপক্ষের আবেদন: সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সলিমউল্লাহর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে করা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত বছরের ৫ জুলাই মন্ত্রণালয়ের আইন শাখা-১ থেকে এক চিঠিতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই পত্রে মামলাটি প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।পরে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে ঢাকার মহানগর সরকারি কৌঁসুলিকে চিঠি দেওয়া হয়। এরপর মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু গত বছরের ৯ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আবেদনে বলা হয়, রাষ্ট্রপক্ষ মনে করে, মামলাটি পরিচালনা করলে সরকার লাভবান হবে না। তাই মামলাটি প্রত্যাহার করা আবশ্যক।