অস্ত্র রাখার দায়ে ১৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও গুলি রাখার দায়ে তৈয়ব শেখ (২৫) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া তৈয়বের বাড়ি ফরিদপুর সদরের রামকান্তপুর গ্রামে। তাঁর উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। ফরিদপুরের সরকারি কৌঁসুলি (পিপি) মো. খসরুজ্জামান বলেন, ২০১১ সালের ১৮ আগস্ট রাত আটটার দিকে শহরের টাউন থিয়েটারসংলগ্ন সুপারমার্কেট থেকে তৈয়ব শেখকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহ আটক করা হয়। ওই রাতেই কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অখিল কুমার বিশ্বাস অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। তৈয়ব গ্রেপ্তার হওয়ার পর থেকে কারারুদ্ধ ছিলেন। ওই আদালতের পেশকার প্রণব চক্রবর্তী জানান, অবৈধভাবে পিস্তল রাখার অভিযোগে তৈয়বকে ১০ বছরের ও গুলি রাখার অভিযোগে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে দুটি দণ্ড আলাদাভাবে ভোগ করতে হবে।