অস্ত্র সংগ্রহে নেমেছে বিবদমান দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের বিবদমান আঞ্চলিক দলগুলো অস্ত্র সংগ্রহে নেমেছে। এরই মধ্যে দুটি দলের তিনজন অস্ত্রের একটি চালানসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ধরাও পড়েছেন। মিজোরাম পুলিশের বরাত দিয়ে ওই দেশের সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই তিনজনের মধ্যে দুজন নবগঠিত জনসংহতি সমিতির (জেএসএস—এম এন লারমা) নেতা। অন্যজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী। এ দুটি দলের অবস্থান পাহাড়ের সবচেয়ে পুরোনো দল জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) বিরুদ্ধে।পুলিশসহ স্থানীয় অন্যান্য সূত্র বলছে, আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের আধিপত্য বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত বেড়েছে। পিসিজেএসএসের সঙ্গে টিকতে না পেরে প্রতিপক্ষ দুটি দল ইউপিডিএফ ও জেএসএস অস্ত্র সংগ্রহে নেমেছে। জেএসএসের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, পিসিজেএসএসের আক্রমণের মুখে অস্তিত্ব রক্ষার তাগিদে তাঁরা অস্ত্র সংগ্রহে নেমেছেন।যেভাবে অস্ত্রের চালান আটক: ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াসহ মিজোরাম ও ত্রিপুরার একাধিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, মিজোরামের লেংপুই বিমানবন্দরের কাছে একটি খামারবাড়ি থেকে গত ৮ মার্চ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে মিজোরাম পুলিশ ও আসাম রাইফেলস। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩১টি একে-৪৭ রাইফেল, একটি এলএমজি, একটি স্বয়ংক্রিয় রাইফেল, ৮০৯টি গুলি ও ৩৩টি ম্যাগাজিন। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশি। তাঁরা ভারতীয় পুলিশকে নিজেদের নাম বলেছেন সবুজ চাকমা, রবি চাকমা ও মণি ত্রিপুরা।আসাম রাইফেলসকে (সীমান্তরক্ষী বাহিনী) উদ্ধৃত করে ইন্ডিয়া টিভি নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া বাকি সাতজন আসামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন দিমাসা ন্যাশনাল লিবারেশন ফোর্সের সদস্য। দিমাসারা ত্রিপুরাদের একটি গোত্র।ধরা পড়া তিন বাংলাদেশি: প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, ধরা পড়া ওই তিন বাংলাদেশির মধ্যে সবুজ চাকমার আসল নাম অংশুমান চাকমা (৪২)। তিনি জেএসএসের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক। দলটির জেলার সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলার চেয়ারম্যান সুদর্শন চাকমা তা নিশ্চিত করেছেন।অংশুমানের পরিবারের সদস্যরা জানান, ধরা পড়ার প্রায় ২৭ দিন আগে বাড়ি থেকে বেরিয়েছেন তিনি। তবে কোথায়, কেন গিয়েছিলেন, তা পরিবারের লোকজন জানেন না বলে দাবি করেন।মণি ত্রিপুরা নামধারীর প্রকৃত নাম অজিত কুমার ত্রিপুরা (৫৭)। তাঁর বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামে। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। বর্তমানে জেএসএসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য। তিনি শান্তিবাহিনীরও সদস্য ছিলেন। তাঁর স্ত্রী প্রথম আলোকে বলেন, অজিত প্রায় ২৭ দিন আগে ময়মনসিংহ যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপর আর কোনো খবর পাননি।জেএসএসের কো-চেয়ারম্যান সুধাসিন্ধু খীসা দাবি করেন, তাঁদের এই দুই কর্মীর মধ্যে অংশুমান চিকিৎসার জন্য ত্রিপুরায় এবং অজিত ধর্মীয় কাজে ময়মনসিংহে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে সন্তু লারমার অনুসারীরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে।মিজোরামে আটক কথিত রবি চাকমার প্রকৃত নাম রূপেন্দু খীসা। তিনি ইউপিডিএফের কর্মী বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে দলটির খাগড়াছড়ি কমিটির প্রধান রিকো চাকমা দাবি করেন, রূপেন্দু একসময় তাঁদের দলের সঙ্গে ছিলেন, এখন আর নেই। রূপেন্দুর বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার করল্যাছড়ি গ্রামে। তাঁর পরিবারের দাবি, তিনিও প্রায় ২৭ দিন ধরে নিখোঁজ।অস্ত্র সংগ্রহের নেপথ্যে: মাঝে বেশ কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সাম্প্রতিক কালে সংঘাত বেড়েছে। সর্বশেষ গত ২৬ মার্চ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে সন্ধ্যায় গুলিবিদ্ধ হন জেএসএসের স্থানীয় নেতা স্বপন ত্রিপুরা। এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাঙামাটির লংগদুতে দলীয় সভায় দলটির চার নেতাকে গুলি করে হত্যা করা হয়। এলাকা দুটি এই দলের ঘাঁটি হিসেবে পরিচিত।এসব ঘটনার জন্য পিসিজেএসএসকে দায়ী করে জেএসএসের পক্ষ থেকে দাবি করা হয়, গত তিন বছরে তাঁদের ২৯ জন দলীয় কর্মী এভাবে খুন হয়েছেন।ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার প্রধান রিকো চাকমা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা একের পর এক দখল করছে পিসিজেএসএস। এর মধ্যে রাঙামাটির তিন উপজেলা রাজস্থলী, বিলাইছড়ি ও জুরাছড়ি অন্যতম। আর জেএসএসের অন্যতম শীর্ষ নেতা সুধাসিন্ধু খীসা অভিযোগ করেন, পাহাড়ে প্রভাব বিস্তারে পিসিজেএসএস সরকারের সহযোগিতা পাচ্ছে।সরকারের সহযোগিতা পাওয়া এবং প্রতিপক্ষ দল দুটির ওপর আক্রমণের কথা অস্বীকার করেছেন পিসিজেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। তাহলে ওই দুই দলের কর্মীরা কার হাতে প্রাণ হারাচ্ছেন—এই প্রশ্নের জবাবে মঙ্গল কুমার চাকমা দাবি করেন, এই দলগুলো সন্ত্রাসী। জনগণ প্রতিরোধ গড়ে তোলায় এসব প্রাণহানি হচ্ছে।স্থানীয় ওয়াকিবহাল মহলগুলো জানায়, একের পর এক এলাকা হারিয়ে নাজুক অবস্থার মধ্যে পড়েছে জেএসএস ও ইউপিডিএফ। এ কারণে দল দুটি অস্ত্র সংগ্রহের দিকে ঝুঁকেছে। জেএসএসের রাঙামাটির একজন নেতা বললেন, ‘আমার জীবন বাঁচানোর অধিকার তো আমার আছে। পিসিজেএসএসের আক্রমণের মুখে আমরা অসহায় হয়ে পড়েছি। রাষ্ট্র আমার জীবনের নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এখন কী করব?’জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পাহাড়ের তিনটি দলই সশস্ত্র। আগামী নির্বাচনের আগে নিজেদের অবস্থা সুসংহত করতে এখন তারা বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, ‘সশস্ত্র লড়াইগুলো হয় দুর্গম এলাকায়। এখানে আদর্শের কোনো লড়াই নেই, মূলত চাঁদাবাজির জন্য এলাকা দখলে রাখতেই এই লড়াই।’