অস্ত্রধারী সেই ক্যাডারদের পরিচয় মিলেছে, মামলা
কুমিল্লা শহরে গত রোববার যুবদলের সম্মেলন চলাকালে যারা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে, তাদের পরিচয় পেয়েছে পুলিশ। কিন্তু গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করেছে।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, রোববার যুবদলের সম্মেলন চলাকালে অন্তত ১০ জন অস্ত্র ব্যবহার করে। এর মধ্যে পরিচয় মিলেছে ছয়জনের। তাদের দুজন হলো, কুমিল্লার চান্দিনা উপজেলার (বর্তমানে কুমিল্লা শহরের বিষ্ণুপুর-কালিয়াজুরি এলাকায় বসবাসরত) আরিফ ও কুমিল্লা শহরের বিষ্ণুপুর মুনসেফ কোয়ার্টারের বাসিন্দা কাজী জামান। অপর চারজনের ছবি সোমবার প্রথম আলোয় ছাপা হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠায় ছাপা হওয়া বাঁ পাশের ছবির চশমা পরা ছাই রঙের টি-শার্ট ও জিনস প্যান্ট পরা যুবক হলো শহরের চকবাজার বালুধুম এলাকার আরিফ, একই ছবিতে খয়েরি জামা ও মুখে হলুদ-নীল কাপড় বাঁধা ছোরা হাতে থাকা তরুণ শহরের তালতলা চৌমুহনীর ফরহাদ, পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় ছাপা হওয়া ছবির বাঁ পাশে অস্ত্র হাতে মুখে কাপড় বাঁধা, জিনস প্যান্ট ও নেভি ব্লু টি-শার্ট পরা যুবক হলো তালতলা চৌমুহনীর পাভেল এবং একই ছবিতে কালো মুখোশধারীর পেছনে চিৎকার দিয়ে ওঠা যুবক দক্ষিণ চর্থার থিরা পুকুরপাড় এলাকার শহীদ।পুলিশ সূত্রে জানা গেছে, যুবদলের অস্ত্রের ওই মহড়ার নেতৃত্ব দেয় ভাটপাড়ার তুহিন, কালিয়াজুরির কাউছার ও দক্ষিণ চর্থার বশির। পুলিশ গত রোববার রাত থেকেই তাদের বাড়িতে তল্লাশি চালায়। গতকাল সোমবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবি এবং ভিডিওচিত্র দেখে পুলিশ অস্ত্রধারীদের শনাক্ত করেছে।এদিকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী বাদী হয়ে রোববার রাতেই পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে এবং বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করেছেন। দুটি মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে গত রোববার যুবদলের সম্মেলনস্থল থেকে আটক ১৫ জনকে মামলা দুটিতে আসামি করা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কবির গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, পুলিশ অস্ত্রধারীদের শনাক্ত করে তাদের নাম ও ঠিকানা সংগ্রহ করেছে। তাদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে।কুমিল্লার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মহিউদ্দিন বলেন, ‘সংবাদপত্র ছবি ছাপিয়ে আমাদের তদন্তকাজ ও আসামি গ্রেপ্তারের পথ আরও মসৃণ করেছে। পুলিশ অস্ত্রধারীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালাচ্ছে।’এদিকে র্যাব-১১ কুমিল্লার ইন্টেলিজেন্স উইংয়ের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ে আসেন। তিনি বলেন, ‘অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তার করতে র্যাব সদর দপ্তর থেকে বলা হয়েছে। সে জন্য আমরা কাজ করছি।’বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি আইনজীবী নাজমুল আলম চৌধুরী বলেন, ‘কুমিল্লাবাসী রোববার অস্ত্রের মহড়া দেখেছে। কিন্তু পুলিশ, র্যাব ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো কি এগুলো দেখেছে?’ তিনি বলেন, ‘প্রকাশ্যে যে পরিমাণ অস্ত্র ব্যবহূত হয়েছে, তা দেখে বোঝা যায়, কুমিল্লায় অনেকের কাছেই অবৈধ অস্ত্র আছে, যা তারা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। আইন প্রয়োগকারী সংস্থার উচিত, ছবি দেখে এদের খুঁজে বের করা। পাশাপাশি যারা অস্ত্রের লাইসেন্স নিয়েছে, তাদের অস্ত্র কোথায় ব্যবহূত হচ্ছে, তাও খোঁজ করা উচিত।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘কুমিল্লায় এত অস্ত্র এল কোত্থেকে।’