অস্ত্রধারী সেই যুবক পাশা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্রধারী যে যুবকের ছবি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, ওই যুবক শহিদুজ্জামান পরশ ওরফে পাশা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর শনির আখড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তারের বিষয়টি সন্ধ্যা পর্যন্ত স্বীকার করেনি। জানা গেছে, তাঁর হাতে থাকা অস্ত্রটি উদ্ধারের জন্য তাঁকে নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ।১৮ জানুয়ারি ওই সংঘর্ষের সময় পাশার পরনে ছিল জিনসের প্যান্ট ও কালচে রঙের সোয়েটার, মাথায় ছিল লাল-হলুদ ডোরাকাটা ছাই রঙের মাফলার। পুলিশ সূত্র জানায়, পাশা দুটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করেন। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, ১৯৯৬ সালে এসএসসি পাস করার পর পাশা বছরখানেক চাকরি করেন। চাকরি ছাড়ার পর স্থানীয় কোনো কলেজ থেকে এইচএসসি পাস করে ২০০৪ সালে ঢাকা কলেজে ভর্তি হন। থাকতেন কলেজের দক্ষিণ ছাত্রাবাসে। এর পর থেকে তিনি ছাত্রদলের ক্যাডার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তিনি ছিলেন কলেজ শাখা ছাত্রদলের তত্কালীন সাধারণ সম্পাদক মিলনের সমর্থক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রদলের অন্যান্য কর্মীর সঙ্গে পাশাও ছাত্রাবাস ছেড়ে চলে আসেন। এরপর থাকতেন যাত্রাবাড়ী এলাকায়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসীদের কাছে অস্ত্র কেনাবেচা করা ও ভাড়া দেওয়ার অভিযোগ আছে। চারদলীয় জোট সরকারের আমলে ঢাকা কলেজের আশপাশের ব্যবসায়ীদের কাছ থেকে তিনি নিয়মিত চাঁদা নিতেন। নিউমার্কেট, যাত্রাবাড়ী ও ডেমরা থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান জানান, পাশা কখনোই ইতিবাচক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর ভূমিকা সব সময় রহস্যজনক। ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গেও তাঁর সখ্য ছিল।