অস্ত্রবাজি করে এরশাদ-খালেদা টেকেনি, হাসিনাও টিকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘পুলিশকে কোনো রাজনৈতিক দল বা সরকারের গুন্ডা হয়ে অন্য দলের ওপর ঝাঁপিয়ে পড়া উচিত হবে না। আবার জামায়াত-শিবির পুলিশের ওপর যেভাবে হামলা করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অস্ত্রবাজি করে এরশাদ টেকেনি, খালেদা টেকেনি, হাসিনাও টিকবে না।’আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগের বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলায় সরকারের ইন্ধন রয়েছে। যাঁরা গ্রেপ্তার হচ্ছেন, তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের কর্মীও আছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা তাঁর পুলিশকে রক্ষা করতে না পারলেও আমরা গামছা দিয়ে পুলিশকে রক্ষা করব।’ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, আগুনে পুড়ে শতাধিক শ্রমিক নিহত হওয়া তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তার করে বিনা বিচারে ফাঁসি দিতে হবে। তিনি বলেন, ‘জেলখানায়ও বন্দীদের সকাল-সন্ধ্যা তালা খুলে রাখা হয়। অথচ ওই পোশাক কারখানায় আগুন লাগার পর সাইরেন বাজলেও শ্রমিকদের তালাবদ্ধ রাখা হয়। তাই মালিকপক্ষের বিচার করতে হবে।’ প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা বেগম নাসরিন কাদের সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, আবদুর রশিদ, হাবিবুর রহমান প্রমুখ।