অস্ত্রবাহী ড্রোন বানাবে পাকিস্তান!
জঙ্গি দমনে অস্ত্রবাহী চালকবিহীন বিমান (ড্রোন) তৈরির গোপন চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। গতকাল শনিবার বার্তা সংস্থা এপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, মিত্রদেশ যুক্তরাষ্ট্রের কাছে ড্রোন চেয়েছিল পাকিস্তান। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানায় পেন্টাগন। যুক্তরাষ্ট্রের এ আচরণে হতাশ হয়ে এখন নিজেরাই অস্ত্রবাহী ড্রোন বানানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান।তবে উন্নত প্রযুক্তি ও উপযুক্ত যুদ্ধোপকরণের অভাব রয়েছে তাদের।এদিকে পাকিস্তানকে ড্রোন নির্মাণে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। গত সপ্তাহে করাচিতে একটি সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ইঙ্গিত দেন, অস্ত্রবাহী ড্রোনপ্রযুক্তি সরবরাহের ব্যাপারে যুক্তরাষ্ট্র রাজি না হলে বেইজিংয়ের কাছে সহযোগিতা চাইবে ইসলামাবাদ।ড্রোনপ্রযুক্তির ব্যাপারে চীনের সক্ষমতা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। তবে পাকিস্তান নিজেই অস্ত্র বহনে সক্ষম ড্রোন তৈরির চেষ্টা চালাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক-বেসামরিক কর্মকর্তারা জানিয়েছেন।