অস্ত্রবিরতির ঘোষণা সত্ত্বেও সংঘর্ষ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রবিরতি ঘোষণার পরও গতকাল শুক্রবার লিবিয়ায় বিদ্রোহী-অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে গাদ্দাফি বাহিনী। ওই পথে লিবিয়া ছেড়ে তিউনিসিয়াগামী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। এদিকে খোদ রাজধানী ত্রিপোলির উপকণ্ঠেও রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফলে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার অস্ত্রবিরতির ঘোষণা প্রশ্নের জন্ম দিয়েছে।জানতে চাইলে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান গতকাল প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার পর) জেনেছি, অস্ত্রবিরতির পরও বিভিন্ন জায়গায় হামলা চলছে। তৃতীয় বৃহত্তম নগর মিসরাতা ও জেনতেন থেকে বাংলাদেশিরা ফোনে আমাকে সংঘর্ষের খবর জানিয়েছেন।’ তিনি বলেন, ‘মূলত ওই শহর দুটি হয়ে বেনগাজি থেকে তিউনিসিয়ায় যাচ্ছেন বাংলাদেশিরা। এ ছাড়া ওই দুই শহরে কিছু বাংলাদেশি কাজও করেন। তাই বাংলাদেশিদের কাছ থেকে ফোন পাওয়ার পর বিভিন্নভাবে খবর নিয়েছি। বিভিন্ন মাধ্যম থেকেও জেনেছি, অস্ত্রবিরতি সত্ত্বেও এখনো গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিরোধীদের লড়াই চলছে। তাই লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার অস্ত্রবিরতির ঘোষণা কখন ও কীভাবে কার্যকর হয়, সেটা এখন দেখার বিষয়।’রাষ্ট্রদূত বলেন, লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই অব্যাহত থাকলেও ত্রিপোলির জীবনযাত্রা গত এক সপ্তাহে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খোলা ও গাড়ি চলাচলের হার স্বাভাবিক সময়ের চেয়ে ৬০ শতাংশ বলা যেতে পারে। এ মুহূর্তে লোকজনের মধ্যে তেমন আতঙ্ক নেই।’বাংলাদেশিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নুরুজ্জামান বলেন, এ মুহূর্তে লিবিয়ায় প্রায় ২৫ হাজার বাংলাদেশি নিরাপদ ও সুস্থ আছেন। এঁদের বেশির ভাগ ত্রিপোলি ও এর আশপাশে রয়েছেন। তিনি জানান, লিবিয়ায় সরকারবিরোধীদের আন্দোলন শুরুর আগে ৮০টির বেশি দেশের দূতাবাস ছিল। বর্তমানে এ সংখ্যা প্রায় ৫০-এ নেমে এসেছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সরকারবিরোধী সহিংসতার শুরুতেই তাদের মিশন গুটিয়ে ফেলে।উত্তর-পশ্চিমাঞ্চলের সহিংসতাকবলিত শহরগুলোতে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা কত, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘ওই দুই শহরে খুব বেশি বাংলাদেশি আছেন বলে মনে করি না। তবে আমাদের সঙ্গে যাঁরা যোগাযোগ করে সমস্যার কথা জানাচ্ছেন, তাঁদের প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করছি।’