অস্ত্রসহ গ্রেপ্তারের ১৭ দিনের মধ্যে জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হাতেনাতে ধরা পড়ার ১৭ দিনের মধ্যেই জামিন পেলেন ছাত্রলীগের দুই কর্মী। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁদের জামিনদার হলেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। গত সোমবার চট্টগ্রামের দায়রা জজ আদালত তাঁদের জামিন দেন।আইনজীবীরা জানান, জামিন শুনানির জন্য অস্ত্র মামলাটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পঞ্চম অতিরিক্ত আদালতে বদলি করা হয়। এতে ফৌজদারি কার্যবিধির ১৭ এ(২) ধারার লঙ্ঘন ঘটেছে। কারণ, অস্ত্রসহ হাতেনাতে কেউ গ্রেপ্তার হলে অন্তত এক বছরের আগে জামিন পাওয়ার নজির চট্টগ্রাম আদালতে নেই। তা ছাড়া মামলাটি হয়েছে জামিন অযোগ্য ধারায়।গত ২৮ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বন্দুক ও গুলিসহ মাহমুদুল ইসলাম তুষারকে এবং একটি রামদাসহ মজিবুর রহমান ওরফে মারজুককে পুলিশ গ্রেপ্তার করে। ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় তাঁরা ক্যাম্পাসের কাটা পাহাড় এলাকায় অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়েন। এ ঘটনায় ওই দিন জব্দ তালিকা করার সময় উপস্থিত ও সাক্ষী হিসেবে ছিলেন তিনজন সহকারী প্রক্টর। তাঁরা হলেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মঈনুল ইসলাম, প্রাচ্য ভাষা বিভাগের প্রভাষক শিপক কৃষ্ণ দেবনাথ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ কে এম জিয়াউর রহমান খান। জব্দ তালিকা তৈরি করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।জব্দ তালিকায় আলামতের বর্ণনায় বলা হয়, ‘একটি দেশীয় তৈরি কাটাবন্দুক, যা কাঠের তৈরি বাঁটসহ অনুমান সাড়ে ২৫ ইঞ্চি লম্বা হবে। বন্দুকের ব্যারেলের মধ্যে এক রাউন্ড কার্তুজ, যার পেছনে ইংরেজিতে “এসইএলএলআইইআর৮বিইএলএলওটি-১২” লেখা আছে। আসামি মাহমুদুল হাসান তুষারের দখল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। একটি রামদা, যা কাঠের বাঁটসহ লম্বা অনুমান ২৮ ইঞ্চি, যার এক পাশ ধারালো। এটি আসামি মারজুক আহম্মদ মামুনের দখল থেকে উদ্ধার করা হয়।’আদালত সূত্র জানায়, জামিন আদেশে বলা হয়, ‘...আসামিদের দখলে কোথাও হতে অস্ত্র উদ্ধার হয়েছে, সে সম্পর্কে সন্দেহের অবকাশ আছে। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সামনে তাঁদের পরীক্ষা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জামিনদারের দায় থাকতে রাজি বলে কৌঁসুলি উল্লেখ করেন। সে ক্ষেত্রে ২০ হাজার টাকার বন্ডে দুজন স্থানীয় জামিনদারের মধ্যে একজন মাননীয় উপাচার্যের জামিনদারের জিম্মায় জামিন মঞ্জুর করা হলো।’যোগাযোগ করা হলে উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘পিপির অনুরোধে আমি জামিনদার হয়েছি। আসলে ছেলেগুলো ঘটনার শিকার। সামনে ওদের পরীক্ষা। এ কারণে জামিনের ব্যবস্থা করা হয়েছে।’ চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া ৮২৯/১২ নম্বরের মিস মামলার শুনানি না করে পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আইনজীবীরা জানিয়েছেন। কারণ, ওই দিন ১৪টি মিস মামলা শুনানির জন্য ছিল। একটি ছাড়া ১৩টির শুনানি জেলা ও দায়রা জজ নিজেই করেন। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের প্রবীণ আইনজীবী মো. ইব্রাহিম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৪ মে জেলা জজ আদালতে অনেকগুলো মিস মামলার শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলা অন্য আদালতে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর সেই অস্ত্র মামলায় আসামিরা জামিন পেলে তা হবে অস্বাভাবিক একটি ঘটনা, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠতেই পারে।’ সাবেক পিপি সাজ্জাদ হোসেন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জেলা ও দায়রা জজ একটি মাত্র মিস মামলা অন্য আদালতে পাঠিয়ে বাকিগুলোর শুনানি করতে পারেন না। এটা আইনের ব্যত্যয় ছাড়া আর কিছু নয়। কেবল অসুস্থ হলে কিংবা কাজ করতে অসমর্থ হলে দায়রা জজ মিস মামলাগুলো অন্য আদালতে পাঠাতে পারেন। ওই দিন তো দায়রা জজ অসুস্থ ছিলেন না। অনেকগুলো মামলার তিনি শুনানি করেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন। এটি ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির একটি ধারার সুস্পষ্ট লঙ্ঘন।’১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭ এ(২) ধারামতে, জেলা ও দায়রা জজ অপরিহার্যভাবে অনুপস্থিত থাকলে কিংবা কাজ করতে শারীরিকভাবে অসমর্থ থাকলে তখন জরুরি বিষয়গুলো নিষ্পত্তি করতে অতিরিক্ত দায়রা জজকে ক্ষমতা দেওয়া যেতে পারে।