অস্ত্রসহ চরমপন্থী গ্রেপ্তার, চারটি বোমা উদ্ধার
মেহেরপুরে তিনটি পৃথক অভিযান চালিয়ে গুলিভর্তি দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি বোমাসহ এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।র্যাবের দাবি, চরমপন্থী দলের সদস্য লালনের বিরুদ্ধে মেহেরপুর ও গাংনী থানায় অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসের ঘটনায় একাধিক মামলা রয়েছে। র্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হানের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া লালন গাংনীর বিভিন্ন ইটভাটায় মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিলেন। ইটভাটা মালিকেরা তাঁর বিরুদ্ধে র্যাব ক্যাম্পে একাধিক অভিযোগ করেছে। সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আজ শনিবার ভোরে গাংনী মটমুড়া নওদাপাড়া গ্রামের লালনের নিজ বাড়ি থেকে গুলিভর্তি একটি শার্টার গানসহ তাঁকে গ্রেপ্তার করে। তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) সঙ্গে জড়িত। প্রায় একই সময়ে গাংনী পুলিশ একই উপজেলার ষোলটাকা গ্রামের একটি চাতাল মিলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কোনো নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা বোমাগুলো এনেছিল।এদিকে, আজ মেহেরপুর গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের ওয়াপদা মোড়ের একটি কুল বাগানের ভিতর থেকে গুলি ভর্তি অবস্থায় একটি শার্টার গান উদ্ধার করেছে। মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের রেখে যাওয়া একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।