অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক থেকে গতকাল রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির সূত্র জানায়, ৬ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর নাহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল গতকাল বেলা ১১টার দিকে মধুটিলা ইকোপার্কে সাদা পোশাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দিলীপ কেদার (৩৮) নামে বিএসএফের এক সদস্যকে আটক করে। জিজ্ঞাসাবাদে দিলীপ নিজেকে বিএসএফের একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।বিজিবির সূত্র আরও জানায়, দিলীপ কেদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১০টি গুলি, একটি ম্যাগাজিন, ৮৫০ ভারতীয় রুপি, বাংলাদেশি ৫০০ টাকা এবং বিএসএফের পোশাক পরা একটি ছবি উদ্ধার করা হয়েছে। দিলীপ ভারতের মেঘালয় রাজ্যের ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের হাবিলদার। তাঁর বাড়ি মহারাষ্ট্রে।মেজর নাহিদ প্রথম আলোকে বলেন, ‘গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা নাশকতামূলক কার্যক্রম চালানো কিংবা ওই সব কাজে ইন্ধন জোগানোর জন্য তিনি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন। তাঁর সঙ্গে ছবি ও পরিচয়পত্র পাওয়া গেছে।’বিজিবির জামালপুর ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল খবীর সরকার বিএসএফ সদস্যকে আটকের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দিলীপ কেদারকে বিজিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি বিএসএফের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে একাধিকবার বাংলাদেশে আসার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তাঁকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।