অস্ত্রের চালান আটক করায় মেজর লিয়াকত ক্ষিপ্ত হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় জবানবন্দি দিয়েছেন নগর পুলিশের তৎকালীন উপকমিশনার আবদুল্লাহ হেল বাকী। তিনি বলেন, অস্ত্র খালাসের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক মেজর লিয়াকত হোসেন জেটিঘাটে উপস্থিত ছিলেন। পুলিশ অস্ত্র আটক করায় তিনি বেশ ক্ষিপ্ত হন। অস্ত্র আটকের পরপর গঠিত তৎকালীন তদন্ত কমিটিকে তিনি এনএসআইয়ের জড়িত থাকার বিষয়টি বলতে চেয়েছিলেন, কিন্তু তদন্ত কমিটি তাঁর বক্তব্য নথিভুক্ত করেনি।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। ওই ঘটনার পরপরই পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়, যার প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক। ওই সময় আবদুল্লাহ হেল বাকী চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার ছিলেন। বর্তমানে তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) বলে জানা গেছে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানায়, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আবদুল্লাহ হেল বাকী। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তাঁর জবানবন্দি নথিভুক্ত করা হয়। সিআইডি তাঁর জবানবন্দি নথিভুক্ত করতে আদালতে আবেদন করেছিল।জবানবন্দিতে বাকী বলেন, অস্ত্র আটক করার কারণে জেটিঘাটে উপস্থিত মেজর লিয়াকত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। ওই সময় তিনি এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের সঙ্গেও কথা বলেন। ঘটনার সময় জেটিঘাটসংলগ্ন পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি (জিডি) ছেঁড়ার কোনো তথ্য তাঁর জানা নেই।জবানবন্দিতে বাকী বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম। ওই দিন রাত ১২টা পাঁচ মিনিটে সার্জেন্ট আলাউদ্দিন বন্দর ফাঁড়ি থেকে ফোনে জানান, সিইউএফএল জেটিঘাটে দুটি জাহাজ থেকে অস্ত্র নামানো হচ্ছে। আমি তাত্ক্ষণিক কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমানকে ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে বলি। পরে ফোনে আমি বিষয়টি পুলিশ কমিশনার সাব্বির আলীকে জানাই।’ বাকী বলেন, ‘পুলিশ কমিশনারের অনুমতি নিয়ে আমি পুলিশ লাইন থেকে দুই প্লাটুন ফোর্সসহ সহকারী কমিশনার (এসি, বন্দর) মাহমুদুর রহমানকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিই। আমিও রাত একটায় দেহরক্ষী ও চালকসহ রওনা হই। রাত তিনটা ২০ মিনিটে আমরা ঘাটের কাছে অবস্থান নিই। এসি মাহমুদ ও আমি একসঙ্গে ছিলাম। সার্বিক পরিস্থিতি আলোচনার জন্য ওসি আহাদুর, সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলালউদ্দিনকে আমার কাছে আসতে বলি। এরপর সার্জেন্ট আলাউদ্দিন, সার্জেন্ট হেলালউদ্দিনসহ আরও পাঁচ-ছয়জন লোক দ্রুত আমাদের কাছে আসেন। তাঁরা সবাই সাধারণ পোশাকে ছিলেন।’ বাকী জবানবন্দিতে বলেন, ‘ওই পাঁচ-ছয়জনের মধ্যে একজনকে (মেজর লিয়াকতকে) সার্জেন্ট হেলাল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “উনি এনএসআইয়ে কর্মরত।” মেজর লিয়াকত আমাকে বলেন, “আপনারা কেন এ অস্ত্র আটকাচ্ছেন? এ সম্পর্কে এনএসআইয়ের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম জানেন”।’ বাকী বলেন, ‘এরপর লিয়াকত মোবাইল ফোনে ডিজির সঙ্গে কথা বলেন। এরপর ফোনটি আমার দিকে এগিয়ে দেন। আমি তখন কথা বলতে অপারগতা প্রকাশ করি। তখন মেজর লিয়াকত আমাকে বলেন, কাজটি ভালো হচ্ছে না।’বাকী বলেন, ‘তখন বিষয়টি আমি পুলিশ কমিশনারকে জানাই।’ কমিশনার বলেন, ‘এগুলো সরকারি এজেন্সির (সংস্থা) ব্যাপার। সাবধানে কাজ করো।’ বাকী জবানবন্দিতে বলেন, ‘সার্জেন্টরা মেজর লিয়াকত ছাড়া বাকি পাঁচজনকে ফাঁড়িতে নিয়ে যায়। এই পাঁচজনের বিষয়ে কমিশনারকে জানাই। কমিশনার আমাকে বলেন, “সরকারি লোক ধরলে ব্যাখ্যা দেওয়া দুষ্কর। বরং মালামাল সাক্ষ্য-প্রমাণসহ ধরো। পরে সঠিক তদন্তে সব বেরিয়ে আসবে”।’ তৎকালীন উপকমিশনার (বন্দর) বলেন, ‘মেজর লিয়াকত সার্জেন্ট হেলালের মাধ্যমে ফাঁড়িতে নেওয়া লোকজনকে ছেড়ে দিতে বারবার চাপ দিচ্ছিলেন। কমিশনারের মনোভাব, মেজর লিয়াকতের চাপ এবং ঘাটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল অস্ত্র দেখে আমি সেগুলো হেফাজতে নেওয়ার ওপর বেশি গুরুত্ব দিই। পরে রাত তিনটা ৫০ মিনিটে আমরা দ্রুত ঘাটে গিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং দুটি ট্রলার, পাঁচটি ট্রাক ও একটি ক্রেন আটক করি।’ জবানবন্দিতে বাকী বলেন, ‘ওসি আহাদুর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন পাঁচজনকে আসামি করেন এবং উদ্ধার হওয়া মালামাল জব্দ করেন। সিইউএফএল জেটিঘাট সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সেই ঘাটে নামে। কর্তৃপক্ষের কোনো সহযোগিতা না পাওয়া থেকে আমার মনে হয়, ঘটনার সঙ্গে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ (প্রশাসন) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত থাকতে পারেন।’