অস্ত্রের ব্যবসা করে ইসলাম কায়েম করা যায় না: মতিয়া
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘চারদলীয় ঐক্যজোটের আমলে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর নির্দেশে দশ ট্রাক অস্ত্র খালাস করতে গিয়ে চট্টগ্রামে ধরা পড়েছিলেন। এভাবে বেআইনি অস্ত্রের ব্যবসা করে ইসলাম কায়েম করতে চান? এটা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না।’ আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে গরিব-দুঃস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মতিয়া।খালেদা জিয়াকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘তিনি তো স্বাধীনতা চান নাই। স্বাধীনতার পতাকা জামায়াতের গাড়িতে তুলে দিয়েছিলেন। যখন যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়, তখন তিনি নিশ্চুপ ছিলেন। আর যখন রায় দেওয়া শুরু হয়েছে, তখন বিচার বন্ধ করার পাঁয়তারা করছেন।’ তিনি আরও বলেন, ‘এই ট্রাইব্যুনাল নিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে শুরু করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও কেউ কোনো অবজেকশন দিতে পারে নাই। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে দিনের আলোয়।’ হেফাজতে ইসলামকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আজ আপনারা যারা মেয়েদের বিরুদ্ধে কথা বলছেন, তাঁরা কি মায়ের পেটে জন্ম নেন নাই? আমরা দ্বন্দ্ব চাই না। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দ্বন্দ্ব দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়।’ এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।