ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে অস্ত্রের ব্যবহার হতে পারে—এমন আশঙ্কা মাথায় নিয়েই প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আওয়ামী লীগের নুরনবী চৌধুরী ও বিএনপির হাফিজউদ্দিন আহম্মেদ মাঠে নেমেছেন।আওয়ামী লীগের প্রার্থী নিয়ে টানাপোড়েন শেষ হওয়ার পর মূলত গতকাল বৃহস্পতিবার উভয় প্রার্থীর নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু হয়েছে। নির্বাচনে অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে একে অপরকে দোষারোপ করছেন। এর মধ্যে দীর্ঘদিন থানায় জমা থাকা আওয়ামী লীগের এক নেতার লাইসেন্স করা অস্ত্র পুলিশ ফিরিয়ে দিয়েছে। এ ঘটনাকে বিএনপি ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে।আর আওয়ামী লীগ বলছে, এটা বৈধ অস্ত্র। তাদের অভিযোগ, বিএনপি গত ২৩ ফেব্রুয়ারি লালমোহন বাজারে অবৈধ অস্ত্রের মহড়া দিয়েছিল। এগুলো এখনো দলটির কাছে আছে। ভোলা-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এমন খবর তাঁদের কাছে আছে। তাই গোয়েন্দা তত্পরতা বাড়ানো হচ্ছে।ভোলা জেলা পুলিশ সুপার এস এন মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ ইতিমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছে এবং নির্বাচনী এলাকায় পুলিশি তত্পরতাও বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য আমাদের হাতে আসেনি। তবে হতে পারে, এমনটা ধরেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে জানান, আওয়ামী লীগের প্রার্থী ঢাকায় ক্যাডার রাজনীতির সঙ্গে যুক্ত। তাই নির্বাচনে অস্ত্রের ব্যবহার হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নুরনবী চৌধুরী জানান, আওয়ামী লীগ কখনো ক্যাডার রাজনীতি করে না। হাফিজউদ্দিনের লোকজন এখানে অস্ত্রের রাজনীতি করেছে। এবারও এর পুনরাবৃত্তি হতে পারে বলে তাঁর আশঙ্কা।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই অবৈধ অস্ত্র উদ্ধার শুরু হয়েছে। নির্বাচন কমিশন থেকে চিঠি পেলে বৈধ অস্ত্র জমা নেওয়া হবে। তিনি জানান, বহিরাগত সন্ত্রাসী যাতে আসতে না পারে, সে ব্যাপারেও পুলিশকে সতর্ক রাখা হচ্ছে।আ.লীগ নেতার অস্ত্র ফেরত: ভোলা-৩ আসনের অন্তর্গত তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার গতকাল বৃহস্পতিবার থানায় এসেছিলেন তাঁর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটি নিতে। ২০০২ সালে ক্ষমতাসীন বিএনপি সরকারের সময় থানা অস্ত্রটি জমা রাখে এবং অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যায় তখন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে আবুল কাশেমের অস্ত্রটি গতকালই ফেরত দেওয়া হয়েছে। এটি একটি একনলা বন্দুক।জানতে চাইলে আবুল কাশেম তালুকদার বলেন, ‘বিএনপির সময় অস্ত্র জমা রাখা হয়। এরপর লাইসেন্সও বাতিল করা হয়। এখন লাইসেন্স করে অস্ত্র তুলে নিচ্ছি।’ তিনি বলেন, এর সঙ্গে নির্বাচন বা অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। তবে নুরনবীকে নির্বাচনে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি।জলদস্যুদের নিয়েও শঙ্কা: পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ আসনে নির্বাচনে জলদস্যুদের ব্যবহারের প্রবণতা অতীতে দেখা গেছে। স্থানীয়ভাবে যখন যাঁরা প্রভাবশালী থাকেন, তাঁরা জনদস্যুদের আশ্রয় দেন। ওই কর্মকর্তা জানান, জলদস্যুরাই মূলত অবৈধ অস্ত্র সরবরাহ করে থাকে। বিশেষ করে তজুমদ্দিন উপজেলায় এটা ঘটে থাকে।পুলিশ সুপার নজরুল ইসলামও স্বীকার করেছেন, ভোলায় জলদস্যু একটা সমস্যা। নির্বাচনে এদের প্রভাব ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে অভিযান চলছে।তজুমদ্দিন থানার ওসি জানান, নির্বাচনের সময় আশপাশের কোনো এলাকা থেকে যেন জলদস্যুরা আসতে না পারে, সে জন্য জল ও স্থলপথের পরিবহন তল্লাশি শুরু করা হবে।তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুল্লাহ জসিম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ উপজেলায় জলদস্যুদের দমন করা হয়েছে।জসিম ঢাকায়: আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ এই আসনের সাবেক সাংসদ মো. জসিমউদ্দিন গতকাল ঢাকায় ফিরে গেছেন। তার আগে সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘দল আমার সঙ্গে যা করেছে তা অন্যায়, অপমানের। আমি নেত্রীর সঙ্গে কথা বলব, তারপর সিদ্ধান্ত নেব, কী করব। এ আসন আমি আওয়ামী লীগকে এনে দিয়েছি।’ এ সময় আবেগে আপ্লুত হয়ে জসিমউদ্দিন বলেন, ‘আমার সঙ্গে কেন এমনটা করা হলো, আমি বুঝতে পারছি না। তবে আমি ও আমার সমর্থিত নেতা-কর্মীদের দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে বলব।’বিএনপির দাবি: এদিকে ভোলা-৩ আসনে উপনির্বাচনে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এখনো জনপ্রিয়তা আছে, এটা প্রমাণ করতে সরকার যদি নির্বাচনে কারচুপির আশ্রয় নেয়, তাহলে বিষয়টি অনেক দূর যাবে।’গতকাল ঢাকার আরমানিটোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। তিনি নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান।খোন্দকার দেলোয়ার বলেন, ‘আমরা সেনা মোতায়েন চাই, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চাই।’