অস্ত্রের মুখে অতিরিক্ত ডিআইজির গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রের মুখে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বহনকারী গাড়ি ছিনতাই হয়েছে। এ সময় দুর্বৃত্তরা গাড়ির আরোহীদের সব মালামালও লুটে নেয়। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ছিনতাইয়ের সময় গাড়িতে ছিলেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম ও তাঁর পরিবারের দুই সদস্য। মুসা বর্তমানে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে আছেন। এর আগে তিনি ঢাকার ট্রাফিক বিভাগের উপকমিশনার ও হবিগঞ্জের পুলিশ সুপারসহ বিভিন্ন পদে ছিলেন।পুলিশ কর্মকর্তার গাড়ির চালক ইমদাদুল শেখ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। গাড়ির মালিক আবু মুসার ভাগনে (ভায়রার ছেলে) বলে চালক জানান। ছিনতাইয়ের সময় গাড়িতে অতিরিক্ত ডিআইজির দেহরক্ষী ছিলেন না।ইমদাদুল জানান, আবু মুসার ভায়রা গত বুধবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁকে দেখে ভোর পৌনে চারটার দিকে মুসাসহ পরিবারের সদস্যরা ওই গাড়িতে করে মোহাম্মদপুরের খিলজি রোডের বাসায় ফিরছিলেন। গাড়িটি বাবর রোড হয়ে খিলজি রোডে ঢোকার পরই আরেকটি প্রাইভেট কার তাঁদের পাশ কাটিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। চালক আরও জানান, গাড়ি থেকে অস্ত্রধারী পাঁচ-ছয়জন যুবক নেমে বলে, ‘গাড়িতে অবৈধ জিনিস আছে, তল্লাশি করা হবে।’ এ সময় আবু মুসা বলেন, তাঁদের এক আত্মীয় মারা গেছে, তাঁরা সেখান থেকে ফিরছেন। অস্ত্রধারী যুবকেরা ‘সরি’ বলে অস্ত্রের মুখে গাড়ির সবাইকে নামিয়ে চারটি মুঠোফোন, একটি স্বর্ণের চেইন, নারীদের দুটি হাতব্যাগ ও চালকের কাছে থাকা নয় হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা এক্স করোলা গাড়িটি চালিয়ে নিয়ে যায়।তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, গাড়িটি আবু মুসার ভায়রার ছেলের। ওই গাড়িতে আবু মুসা ছিলেন না। মামলার এজাহারেও এ রকম কোনো বিষয় উল্লেখ নেই।এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়েও গাড়িটিকে আটকাতে ব্যর্থ হয়। ওই গাড়ি থেকে শ্যামলীতে ছিনতাই হওয়া দুটি ব্যাগ ফেলে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যাগে একটি মুঠোফোন পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, গাড়ি উদ্ধারে চেষ্টা চলছে।