অস্ত্রের মুখে সোনারগাঁয়ে ডাকাতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকায় আজ শুক্রবার সকালে এক ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত অস্ত্রের মুখে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড সল্ট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী ও সন্তানদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।আনোয়ার হোসেন জানান, আজ সকালে তিনি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি ভাড়া করা মাইক্রোবাসে চড়ে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মেঘনা সেতু এলাকায় পৌঁছালে ডাকাতদল গাড়িটির গতিরোধ করে। ডাকাতদল অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় ডাকাতদল আনোয়ার হোসেন, স্ত্রী জুলেখা, দুই ছেলে ফাহিম (৮) ও মোহিনকে (৩) মারধর করে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।