অস্ত্রোপচারের ত্রুটিতে শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল অস্ত্রোপচারের কারণে রাজধানীর গ্রিন রোডে গ্যাস্ট্রো লিভার হাসপাতালে এক নবজাতকের মৃত্যু হয়েছে। ১০ দিন বয়সী এই ছেলে শিশুটির পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারে ত্রুটির কারণে তার মৃত্যু হয়েছে। অভিযোগ নাকচ করে অস্ত্রোপচার করা চিকিৎসক শামসুল আলম বলেন, জন্মগত ত্রুটির কারণে শিশুটি মারা গেছে।এ ঘটনায় কলাবাগান থানায় চিকিৎসক শামসুল আলমসহ তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা ইকবাল হোসেন।প্রথম আলো ডটকমকে দেওয়া যাত্রাবাড়ীর বাসিন্দা ইকবাল হোসেনের ভাষ্যমতে, গত ২৯ সেপ্টেম্বর ধানমন্ডির সিটি জেনারেল হাসপাতালে তাঁর স্ত্রী শ্যামলী অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম দেন। তবে মাথায় পানি জমে থাকায় ৬ অক্টোবর গ্যাস্ট্রো লিভার হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ৭ অক্টোবর বিকেলে অস্ত্রোপচার সফল হয়েছে বলে তাঁদের জানান চিকিৎসক শামসুল আলম। এরপর শিশুটিকে অভিভাবকদের দেখানো হয়নি। এক দিন পরও চিকিৎসক শামসুল আলমের দেখা পাননি তাঁরা। এতে সন্দেহ হলে গতকাল সোমবার রাত ১১টার দিকে পুলিশের সহায়তায় শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান ইকবাল ও তাঁর স্ত্রী। এসব অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জন শামসুল আলম। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘শিশুটির জন্মগত ত্রুটি ছিল। মায়ের বুকের দুধও পান করতে পারছিল না সে। অস্ত্রোপচারের পর ওর শারীরিক অবস্থা তার অভিভাবকদের জানানো হয়েছে। তাঁদের বাচ্চটির কাছেও যেতে দেওয়া হয়েছে। আমার অস্ত্রোপচারেও কোনো ভুল ছিল না।’এ ব্যাপারে কলাবাগান থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।