অস্ত্রোপচারের পর চাভেজের প্রথম ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার চিকিৎসায় অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট হুগো চাভেজের ছবি প্রকাশ করেছে ভেনেজুয়েলা সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, চাভেজের কথা বলতে কষ্ট হচ্ছে। তিনি নল দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।প্রকাশিত ছবিগুলোতে চাভেজকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। তবে তাঁর চেহারায় অসুস্থতার ছাপ স্পষ্ট। সব ছবিতেই চাভেজকে ঘিরে রেখেছেন তাঁর দুই কন্যা। একটি ছবিতে দেখা গেছে, তাঁরা কিউবার পত্রিকা ‘গ্র্যানমা’ পড়ছেন।ছবিগুলো প্রকাশ করেছেন চাভেজের জামাতা ও ভেনেজুয়েলার বিজ্ঞানমন্ত্রী হোর্সে আরিয়েজা। এগুলো বৃহস্পতিবার রাতে তোলা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।আরিয়েজা বলেন, ‘যাঁর রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে তাঁর ভুবনজয়ী বক্তৃতার কারণে, যিনি তাঁর সমর্থকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করতে পছন্দ করতেন, আজ তাঁর কথা বলতে অসুবিধা হচ্ছে।’আরিয়েজা বলেন, ‘কথা বলতে অসুবিধা হলেও তিনি তাঁর মনোভাব প্রকাশ করতে পারছেন। তিনি তাঁর সিদ্ধান্তগুলো লিখে জানাচ্ছেন।’কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে গত ১১ ডিসেম্বর চাভেজের চতুর্থ দফা অস্ত্রোপচার হয়। এর পর থেকে পুরোপুরি লোকচক্ষুর আড়ালে ছিলেন চাভেজ। এ নিয়ে দেশটির বিরোধী মহলে সৃষ্টি হয়েছিল নানা গুঞ্জন। এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে অস্ত্রোপচারের দুই মাসের বেশি সময় পর এই প্রথম তাঁর ছবি প্রকাশ করা হলো।