অস্ত্রোপচারের পর সুস্থ আছেন অমিতাভ!
প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য খবরটি খানিকটা হাঁফ ছেড়ে বাঁচারই বটে। মুম্বাইয়ের একটি হাসপাতালে গতকাল শনিবার অমিতাভ বচ্চনের পেটে অস্ত্রোপচার সফল হয়েছে। সম্প্রতি একটি টুইটে তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এই তথ্য জানিয়েছেন। অভিষেক বচ্চন তাঁর বাবা অমিতাভের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সফল অস্ত্রোপচারের পর বাবা এখন বিশ্রামে রয়েছেন। এদিকে চিকিত্সকদের বরাতে এনডিটিভি এক খবরে জানিয়েছে, শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন অমিতাভ। তারপর তাঁর পেটে অস্ত্রোপচার করা হয়।উল্লেখ্য, ১৯৮২ সালের ‘কুলি’ ছবিতে মারপিটের একটি দৃশ্যে অভিনয়ের সময় তলপেটে আঘাত পেয়ে মারাত্মক আহত হন বলিউডের এই অভিনেতা। সেই সময় তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। ২০০৫ সালেও তাঁকে পেটের সমস্যার জন্য আরও একবার ডাক্তারের ছুরির নিচে যেতে হয়েছিল। অমিতাভের অন্যান্য ভক্তের পাশাপাশি শাহরুখ খান, দিলীপ কুমারও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন।