অস্থায়ী আদালত ঝুঁকিপূর্ণ, সরিয়ে নিতে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাকাণ্ডের বিচার পরিচালনার জন্য স্থাপিত অস্থায়ী আদালতের নিরাপত্তা ‘ঝুঁকিপূর্ণ’। নিরাপত্তার স্বার্থে এই অস্থায়ী আদালত অন্যত্র সরিয়ে নেওয়া উচিত। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়েছে।এর আগে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার এম খুরশীদ হোসেন আদালতের নিরাপত্তাঝুঁকির বিষয়টি জানিয়ে কিছু সুপারিশ পাঠান। গতকাল জানতে চাইলে খুরশীদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা নিতে গিয়ে আমরা যে বিষয়গুলো ঝুঁকিপূর্ণ মনে করেছি, সেসব বিষয় জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আমরা মনে করি, আদালতের অবকাঠামো দুর্বলতার সংস্কার প্রয়োজন। এ ছাড়া চারদিকের নিরাপত্তাদেয়াল আরও উঁচু ও মেরামত করা প্রয়োজন।’ তিনি বলেন, সতর্ক থাকতে এবং নিরাপত্তার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।গত ৫ জানুয়ারি চকবাজার মডেল থানাধীন নবকুমার ইনস্টিটিউটের খোলা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার প্রথম বিচারিক কার্যক্রম শুরু হয়।সূত্রমতে, এর আগে অস্থায়ী আদালতের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার ও বিডিআর সদর দপ্তরের দরবার হলকে নির্বাচন করা হয়েছিল। বিকল্প হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছাকাছি স্থানে, যেখানে বঙ্গবন্ধু হত্যামামলার বিচার হয়েছিল, ওই স্থানের কথাও চিন্তা করা হয়েছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে নবকুমার ইনস্টিটিউটের খোলা মাঠেই বিচারকাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।পুলিশের চিঠিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের আসামিদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুও একজন। তাঁর বাড়ি লালবাগ এলাকায় হওয়ায় এবং তিনি ওই এলাকার সাবেক সাংসদ হওয়ায় সেখানে তাঁর যথেষ্ট রাজনৈতিক প্রভাব রয়েছে। বিচারকাজ চলাকালে বিদ্রোহী বিডিআর সদস্যদের আত্মীয়স্বজনেরা আসার ফলে ওই এলাকার নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে। ফলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।চিঠিতে জানানো হয়, বিচারিক আদালতের বেঞ্চ ও ৮০১ জন বিদ্রোহী বিডিআর সদস্যকে রাখার জন্য তৈরি টিনশেড ভবন অত্যন্ত দুর্বল। মাত্র পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে ভবন তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছিল, আদালতের ভেতরে ৮০১ জন আসামিকে একসঙ্গে না রেখে গ্রিল দিয়ে বিভাজন করে প্রতি ভাগে ১০০ জন আসামি রাখা হবে। কিন্তু এখনো সে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।চিঠিতে বলা হয়, বিচারের জন্য স্থাপিত অস্থায়ী আদালতটি একটি খোলা মাঠে অবস্থিত, যার সীমানাপ্রাচীর খুবই পুরোনো, নিচু ও ভাঙা। এ ধরনের দুর্বল অবকাঠামোর ওপর নির্ভর করে বিডিআর বিদ্রোহের বিচারিক কার্যক্রম পরিচালনা করা বর্তমান এবং ভবিষ্যতের জন্য মোটেই নিরাপদ নয়। কারণ, এ মামলার আসামিরা প্রশিক্ষিত এবং উগ্র স্বভাবের। ইতিমধ্যে পিলখানায় স্থাপিত আদালতে বিচারকাজ চলাকালে তাঁরা সুকৌশলে হাতকড়া খুলে ফেলেন।চিঠিতে বলা হয়, আদালত এলাকায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের বৃষ্টির সময় দাঁড়ানোর ব্যবস্থা নেই। এমনকি কোনো শৌচাগারও নির্মাণ করা হয়নি। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী বলেন, ‘আমরা এখনো চিঠিটি দেখিনি। চিঠি দেখার পর আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’জানা গেছে, বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা নিউমার্কেট থানার মামলা, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মামলা এবং ঢাকা মেট্রো মহানগর দায়রা জজ আদালতের মামলার বিচারকাজ অস্থায়ী আদালতে চলছে। এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে হত্যা, লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ভীতি দেখানো, নির্যাতন, জিম্মি করাসহ দণ্ডবিধির ২৫টি ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে বিডিআরের ৮০১ জন সদস্য এবং বাকিরা বেসামরিক ব্যক্তি।