অস্থির টেলিকম খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খসড়া নীতিমালায় অনেকগুলো ধারা নিয়ে বিপাকে চার মুঠোফোন কোম্পানি। কেবল তরঙ্গ বরাদ্দ পেতেই দিতে হবে ১৪ হাজার কোটি টাকা নবায়নের সময় বাড়াতে বলেছে উদ্বিগ্ন বিশ্বব্যাংকঅস্থিরতা চলছে দেশের মুঠোফোন খাতে। লাইসেন্স নবায়নের জন্য তৈরি করা খসড়া নীতিমালার অনেকগুলো ধারার কারণে বিপাকে পড়েছে চারটি মুঠোফোন কোম্পানি। বিপুল অর্থের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর। সব মিলিয়ে দেশের অন্যতম সম্ভাবনাময় এই খাত চরম সংকটে।মুঠোফোন কোম্পানিগুলো বলছে, কেবল তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের জন্যই ১৪ হাজার কোটি টাকা দিতে হলে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য তাদের হাতে আর অর্থ থাকবে না। এ ছাড়া রয়েছে আরও অনেকগুলো প্রতিকূল ধারা। ফলে সরকার এককালীন লাভবান হলেও ভবিষ্যৎ হবে সংকটময়।বিশ্বব্যাংকও এ নিয়ে উদ্বিগ্ন। অর্থমন্ত্রী এ এম এ মুহিতকে জরুরি চিঠি দিয়ে তারা বলেছে, লাইসেন্স নবায়নের খসড়া নীতিমালাটি বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অর্জন নষ্ট হয়ে যাবে এবং দেশটির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চিঠি দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন অর্থমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন।গ্রামীণফোনের সিইও টোরে ইয়ানসন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘খসড়া লাইসেন্স নবায়ন নীতিমালা প্রকাশিত হওয়ার পর থেকে মুঠোফোনশিল্প কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল। তবে মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, সরকার যুক্তিসংগতভাবে ফি ও নিয়মনীতি নির্ধারণ করবে।’টেলিযোগাযোগ খাতকে সংকট থেকে উদ্ধারের জন্য চার মুঠোফোন কোম্পানির বিদ্যমান লাইসেন্সের মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর সুপারিশ করেছে বিশ্বব্যাংক। দাতা সংস্থাটি মনে করে, বিশ্বব্যাপী যে পদ্ধতিটি সবচেয়ে ভালো, সেভাবে লাইসেন্স নবায়ন করা প্রয়োজন এবং এ জন্য সরকারের উচিত হবে প্রয়োজনীয় সময় নেওয়া। লিখিত সুপারিশে বিশ্বব্যাংক আরও বলেছে, তরঙ্গ ব্যবহারের ফি কত হবে তা নির্ধারণের জন্য সরকার একটি স্বচ্ছ নিলাম পদ্ধতি অনুসরণ করতে পারে। আর নিলাম পদ্ধতি সম্ভব না হলে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণীয় ভিত্তি নির্ধারণ করা উচিত হবে।গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের ১৫ বছর মেয়াদি টু-জি (দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি) লাইসেন্সের মেয়াদ শেষ হবে আগামী ১১ নভেম্বর। লাইসেন্স নবায়নের জন্য একটি খসড়া নীতিমালা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ১৯ জানুয়ারি প্রকাশ করেছে। এই নীতিমালার ওপর ৯ ফেব্রুয়ারির মধ্যে মতামত দিতে বলেছিল বিটিআরসি। সে অনুযায়ী মতামত দেওয়া হলেও এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে জানা গেছে।বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, ‘সরকারের কাছে লাইসেন্স নবায়ন প্রসঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছি। জিএসএমএ, বিশ্বব্যাংকসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতিমধ্যে এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেছে। তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত। আশা করি, লাইসেন্স নবায়নের বিষয়ে সরকারের নতুন চিন্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যৎ ব্যবসার ক্ষেত্র নিশ্চিন্ত করবে।’টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘লাইসেন্স নবায়নে উচ্চ তরঙ্গ ফির বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা করেছি। এ ছাড়া খসড়া নীতিমালাটি ওয়েবসাইটে দেওয়ার পর বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুপারিশ ও প্রস্তাব পেয়েছি। সবকিছু বিবেচনায় এনে কাজ এগোচ্ছে।’ রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল কুন্যার বলেন, ‘টেলিযোগাযোগ খাতে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে আন্তর্জাতিক বাজারে প্রচলিত নিয়মকানুনের ভিত্তিতেই লাইসেন্স নবায়ন ফি হওয়া উচিত। সরকারের কাছে একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব লাইসেন্স নবায়নকাঠামো আশা করছি, যা অপারেটরদের ভবিষ্যৎ ব্যবসা এবং বিনিয়োগ পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।’১৪ হাজার কোটি টাকায় তরঙ্গ: খসড়ায় তরঙ্গ বা স্প্রেকট্রামের মূল্য রাখা হয়েছে ১৪ হাজার কোটি টাকা। গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল এই টাকা পরিশোধ করবে। এর মধ্যে কেবল গ্রামীণফোনকেই পরিশোধ করতে হবে সাত হাজার কোটি টাকার বেশি। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ গ্রাহকসংখ্যার হিসাবে বাংলালিংক ও রবির লাগবে প্রায় তিন হাজার কোটি টাকা এবং সিটিসেলকে দিতে হবে প্রায় এক হাজার কোটি টাকা। একেকটি কোম্পানির জন্য এত বিপুল অঙ্কের টাকা কিসের ভিত্তিতে চাওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বিটিআরসি। আবার তরঙ্গের এককপ্রতি দাম নির্ধারণের ক্ষেত্রেও বিভিন্ন কোম্পানির মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। যেমন, ৯০০ এবং ১৮০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি বরাদ্দের ক্ষেত্রে প্রতি এককের দাম চাওয়া হয়েছে ৩০০ কোটি এবং ১৫০ কোটি টাকা। এর মধ্যে গ্রামীণফোনকে প্রতি মেগাহার্টজ তরঙ্গ কেনার জন্য ওই দামের ১ দশমিক ৬ গুণ বেশি অর্থ দিতে হবে। বাংলালিংককে দিতে হবে ১ দশমিক ১ গুণ বেশি। রবি ও সিটিসেল দেবে যথাক্রমে মূল্যের দশমিক ৯৫ গুণ এবং দশমিক ৪৫ গুণ অর্থ। এত টাকা কোথা থেকে আসবে তা নিয়েও রয়েছে নানা সমস্যা। এখন পর্যন্ত বাংলাদেশের কনসোর্টিয়াম ভিত্তিতে (একাধিক ব্যাংক মিলে ঋণ দেওয়া) সর্বোচ্চ ঋণ নিয়েছে বিমান, ৮১৪ কোটি টাকা। আর ওরাসকম টেলিকম বন্ড ছেড়ে বাজার থেকে তুলেছে ৭০৭ কোটি টাকা। এ পরিস্থিতিতে চারটি কোম্পানিকে ১৪ হাজার কোটি টাকা কে দেবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী বলেন, বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ খাতে প্রবৃদ্ধি বজায় রাখতে সরকারের তরঙ্গ ফির বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। লাইসেন্স নবায়ন ও তরঙ্গ ফি হিসেবে এমন একটি অঙ্ক নির্ধারণ করা উচিত, যাতে সরকারও লাভবান হয় এবং অপারেটররা ভালো থাকে।অন্যান্য দেশের অভিজ্ঞতা: ভারতে দ্বিতীয় প্রজন্মের মুঠোফোন সেবাদাতাদের লাইসেন্স দেওয়া নিয়ে ব্যাপক দুর্নীতির খবর এখনো আসছে। ভারতের এই টেলিকম-দুর্নীতির মূলে আছে কোনো স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে অনুমাননির্ভর ফ্রিকোয়েন্সি চার্জ নির্ধারণ। তবে ভারতে ১৭ বিলিয়ন ডলারের বিনিময়ে তৃতীয় প্রজন্মের লাইসেন্স নিলামের (অকশন) মাধ্যমে দেওয়ায় এ নিয়ে কোনো বিতর্ক হয়নি।২০০৫ সালে পাকিস্তানেও নিলামের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মুঠোফোন সেবাদাতাদের লাইসেন্স নবায়ন করা হয়। এ সময় দুটি কোম্পানি লাইসেন্স নবায়ন করেনি। এতে অন্য নতুন দুটি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। পাকিস্তানে নবায়ন ফি নেওয়া হয়েছে ২৯ কোটি ১০ লাখ ডলার। শ্রীলঙ্কায় মাত্র ৫০ লাখ ডলার। আর বাংলাদেশে নেওয়া হচ্ছে এর চেয়ে কয়েক গুণ বেশি। খসড়ায় আওতাবহির্ভূত বিষয়: খসড়া নীতিমালায় এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা লাইসেন্স-সংক্রান্ত বিষয় নয়। এগুলো নিয়েও বিপাকে পড়েছে মুঠোফোন কোম্পানিগুলো। যেমন বলা হয়েছে, দেড় শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা তহবিল থাকতে হবে। এই টাকা দিয়ে কী করা হবে তা বলা হয়নি।নীতিমালা অনুযায়ী মুঠোফোন কোম্পানির নিয়োজিত পরিবেশক, খুচরা বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের ব্যাপারে বিটিআরসির পূর্বানুমতি নিতে হবে। এমনকি ব্যাংকঋণ নিলেও অনুমোদন নিতে হবে। কোম্পানিগুলো বলছে, এসব বিষয়ের জন্য সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা রয়েছে। এগুলো বিটিআরসির কাজ হতে পারে না। তা ছাড়া নীতিমালায় এমন কিছু বিষয় রয়েছে, যা কেবল চারটি কোম্পানির জন্য প্রযোজ্য। অথচ বর্তমানে দেশে রয়েছে ছয়টি কোম্পানি। যেমন, মোবাইল নম্বর পোর্টেবিলিটি, ইউনিফায়েড লাইসেন্সিং, সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) বিধান ইত্যাদি। নীতিমালায় প্রযুক্তি সুনির্দিষ্ট লাইসেন্সিংয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ সরকার একই মুঠোফোন সেবার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স দেবে। জিএসএম ও সিডিএমএ দুই ধরনের প্রযুক্তির জন্য তরঙ্গ বা স্পেকট্রামের দুই ধরনের দাম ধরা হয়েছে। যদিও সর্বত্র অপারেটরই ঠিক করে সে কোন ধরনের সেবা দেবে।খসড়া নীতিমালায় বলা হয়েছে, গ্রাহক নিবন্ধনে কোনো ভুল তথ্য গেলে তার দায় সংশ্লিষ্ট অপারেটরকে নিতে হবে। অর্থাৎ মাত্র একটি গ্রাহক নিবন্ধনও যদি ভুল তথ্য দিয়ে করা হয়, তাহলে লাইসেন্স বাতিল বা মোটা অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে। আবার সিম কেনার পর কোনো গ্রাহক যদি ওই সিম দিয়ে অবৈধভাবে ভিওআইপি করে তাহলেও সংশ্লিষ্ট মুঠোফোন সেবাদানকারী কোম্পানিকে দায়ী করার কথা বলা হয়েছে নীতিমালায়। এ বিষয়ে মুঠোফোন কোম্পানিগুলো বলছে, বর্তমানে গ্রাহকদের দেওয়া তথ্য যাচাই করার কোনো নির্ভরযোগ্য মাধ্যম বা ডেটাবেইস নেই। কোটি কোটি গ্রাহকের মধ্যে কেউ যদি সিমের অপব্যবহার করে থাকে, সেটি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়।৩০ শতাংশ আইপিও: খসড়া নীতিমালায় ৩০ শতাংশ শেয়ারবাজারে প্রাথমিক শেয়ার ছাড়ার কথা বলা হয়েছে। এখন পর্যন্ত একটি ছাড়া আর কোনো মুঠোফোন কোম্পানি লাভজনক নয়। কবে লাভজনক হতে পারবে তাও পরিষ্কার নয়। যে কোম্পানি এখনো লাভের মুখ দেখেনি, সেই কোম্পানির শেয়ার বাজারে ছাড়তে চাইলে কোনো ক্রেতা পাবে না। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) শেয়ার ছাড়ার অনুমোদন দেবে না।আবার এসইসির নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে প্রবেশের সময় প্রাথমিক গণপ্রস্তাব হিসেবে সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ইস্যু করা যায়। অথচ বিটিআরসি ৩০ শতাংশ আইপিও ছাড়ার কথা বলছে, যা প্রচলিত আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।ক্ষতিগ্রস্ত হবে ব্রডব্যান্ড: বিশ্বব্যাংকের দেওয়া হিসাবে ইন্টারনেট সংযোগ ১০ শতাংশ বাড়লে তা দেশের মোট জাতীয় আয় (জিডিপি) বাড়ায় ১ দশমিক ২ শতাংশ। এখন পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে ১ শতাংশেরও কম মানুষ, সংখ্যার দিক থেকে ১০ লাখেরও অনেক কম। এর আবার ৯৪ শতাংশই মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। সুতরাং বাংলাদেশের সামনে তৃতীয় প্রজন্মের টেলিযোগাযোগ সেবার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। দেশের প্রায় সর্বত্র নেটওয়ার্ক থাকায় সেখানে থ্রি-জি উপযোগী প্রযুক্তি স্থাপন করা গেলে রাতারাতি সারা দেশে ব্রডব্যান্ড সেবা পৌঁছানো সম্ভব হবে। মাত্র দুই বছরের মধ্যেই সারা দেশকে এর আওতায় আনা সম্ভব।কিন্তু থ্রি-জির জন্য অবকাঠামোগত এবং প্রযুক্তিগত খরচ অনেক। পাশাপাশি রয়েছে লাইসেন্স পাওয়া। এ পরিস্থিতিতে উচ্চ হারে টু-জির লাইসেন্স ফি নেওয়া হলে থ্রি-জির জন্য পর্যাপ্ত অর্থ কোম্পানিগুলোর কাছে থাকবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। সরকার টু-জি লাইসেন্স যত সহজ করবে দেশে থ্রি-জি তত তাড়াতাড়ি শুরু করা সম্ভব হবে।কোম্পানিগুলোর প্রস্তাব: বিটিআরসি প্রকাশিত খসড়া নীতিমালার ওপর মতামত দিয়েছে মুঠোফোন কোম্পানিগুলো। তারা নীতিমালার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। লিখিত প্রস্তাবে নরওয়ে, হাঙ্গেরি, ডেনমার্ক, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কার উদাহরণ অনুসরণ করে উন্মুক্ত নিলাম বা বাংলাদেশে আগে বিক্রীত তরঙ্গের দামকে সুনির্দিষ্ট পরিমাপক হিসেবে ধরে তরঙ্গ ফি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রামীণফোন তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে নিলামের সুপারিশ করে তরঙ্গের অপব্যবহার রোধে প্রতি কোম্পানির জন্য সরকারিভাবে নির্দিষ্ট মাত্রার তরঙ্গ বরাদ্দের প্রস্তাবও দিয়েছে। পাশাপাশি বরাদ্দ করা তরঙ্গ যথাযথভাবে ব্যবহার করা বা না করার ওপরে পুরস্কার বা শাস্তির বিধানের কথাও বলেছে তারা।বাংলালিংক, রবি ও সিটিসেল তরঙ্গ বিষয়ে নিলামের কথা বলেনি। তারা ২০০৮ সালে বিটিআরসি নির্ধারিত তরঙ্গ ফি ১১ দশমিক ৬ মিলিয়ন ডলারকে (প্রায় ৮১ কোটি টাকা) তরঙ্গ বিক্রির একক বা পরিমাপক ধরার সুপারিশ করেছে। এ ছাড়া বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।আপত্তি আছে আরও: সামাজিক দায়বদ্ধ তহবিল ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা নিয়েও আপত্তি উঠেছে। কোম্পানিগুলো বলেছে, কোনো দেশে মুঠোফোনের নেটওয়ার্ক অবকাঠামো দুর্বল থাকলে এ ধরনের তহবিল ব্যবহার করে মুঠোফোন সেবা সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের জনসংখ্যার ৯৯ শতাংশই মুঠোফোন নেটওয়ার্কের আওতায় রয়েছে। আর নেটওয়ার্ক অবকাঠামো রয়েছে দেশের ৯০ ভাগ এলাকায়।বাংলাদেশে সবচেয়ে কম পাওয়া যায় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মুঠোফোন কোম্পানিগুলো ৩০ হাজার কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগ করেছে। দেশে আসা মোট বিদেশি বিনিয়োগের বড় অংশই আসে এই খাত থেকে। ২০০২ সালে যেখানে মোট বিদেশি বিনিয়োগের প্রায় সাড়ে ৭ শতাংশ এসেছিল মুঠোফোন কোম্পানিগুলো থেকে, ২০১০ সালে সেটি হয়েছে ৬০ শতাংশ। আর বর্তমানে জাতীয় রাজস্ব আয়ের ১০ শতাংশ আসে মুঠোফোন কোম্পানিগুলো থেকে।ভারতে থ্রি-জি চালু হয়ে গেছে। উন্নত দেশগুলোতে থ্রি-জি পুরোনো হয়ে গেছে। অথচ বাংলাদেশ এখনো টু-জির লাইসেন্স নবায়ন নিয়ে অনিশ্চিত পরিবেশ তৈরি করে রেখেছে। কীভাবে এর সমাধান হবে এ নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই। এ অবস্থায় খসড়া নীতিমালা চূড়ান্ত হলে সরকারের তাৎক্ষণিক আয় বাড়লেও ভবিষ্যতে এই খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।