অস্পষ্ট তদন্ত, নিশ্চিত না হয়েই সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে তানভীর রহমান জড়িত কি না, এখনো নিশ্চিত নয় র‌্যাব। অন্য সাতজন যে এ ঘটনায় জড়িত, এমন পর্যাপ্ত তথ্য-প্রমাণও নেই র‌্যাবের হাতে।গতকাল বুধবার সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টিই ‘তদন্তের পর্যায়ে’ রয়েছে।আগের দিন মঙ্গলবার হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানান, এই মামলায় সাতজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, সাগর-রুনির ভাড়া বাসার নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পাল ও নিহত দম্পতির বন্ধু তানভীর রহমান। তাঁদের মধ্যে প্রথম পাঁচজনই গত আগস্টে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র হত্যার ঘটনায় র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন।র‌্যাবের কাগজপত্রে তানভীর ও পলাশ রুদ্রকে গ্রেপ্তার দেখানো হয় ৯ অক্টোবর। গতকাল মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহ। আদালত তাঁদের আট দিন করে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ ছাড়া চিকিৎসক নারায়ণ হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি হবে আগামী রোববার।ডিএনএ পরীক্ষা: র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রুনি ও সাগরের পরনের কাপড় থেকে একাধিক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ বৃত্তান্ত পেয়েছেন যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারের বিশেষজ্ঞরা। এ পর্যন্ত ১৩ জন সন্দেহভাজনের নমুনা সেখানে পাঠানো হয়েছে। ছয়জনের নমুনা মেলেনি। সাতজনের নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সর্বশেষ পাঠানো হয়েছে তানভীরের ডিএনএ নমুনা।র‌্যাবের কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে তানভীর বলেছেন, ২০১০ সালে ফেসবুকের মাধ্যমে রুনির সঙ্গে তাঁর পরিচয়। রুনি তখন জার্মানিতে ছিলেন। দেশে আসার পর হত্যাকাণ্ডের সাত মাস আগে রুনির সঙ্গে তাঁর প্রথম দেখা। প্রায়ই তাঁদের কথা ও দেখা হতো। ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় (ঘটনার রাত) রুনির সঙ্গে তাঁর ফোনে কথা হয়। এই খুনের সঙ্গে তানভীর জড়িত নন বলে র‌্যাবকে জানিয়েছেন।গতকাল উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েলের কাছে জানতে চাওয়া হয় খুনের উদ্দেশ্য জানা গেছে কি না। জবাবে তিনি বলেন, খুনের উদ্দেশ্য সম্পর্কে এখনো র‌্যাব কিছু জানতে পারেনি, এটা জানতে অপেক্ষা করতে হবে। পাঁচজন পেশাদার অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না—এই প্রশ্নে এম সোহায়েল বলেন, ‘না, জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাঁদের রিমান্ডে আনা হবে।’ তা হলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে যে ওই পাঁচজন জড়িত? তিনি বলেন, ‘অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মনে হচ্ছে এই পাঁচজন জড়িত।’ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছিলেন, অপেশাদার অপরাধীদের হাতে সাগর-রুনি খুন হয়েছেন। এখন র‌্যাব বলছে, খুনিরা পেশাদার অপরাধী। এই বক্তব্যের ভিত্তি কী, জানতে চাইলে এম সোহায়েল বলেন, র‌্যাব তথ্য-প্রমাণের ভিত্তিতেই কথা বলছে। অপরাধীর অপরাধের ধরন দেখে বোঝা সম্ভব নয় যে এটা পেশাদার না অপেশাদার লোকের কাজ। পেশাদার লোক অনেক সময় ঘটনা আড়াল করতে নানা ধরনের কৌশল করে।খুনের উদ্দেশ্যই এখন পর্যন্ত জানতে পারেনি র‌্যাব। তা হলে অপরাধীরা পেশাদার না অপেশাদার, এটা কিসের ভিত্তিতে নিশ্চিত হলেন? এম সোহায়েল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এ রকমই মনে করছি।’ কে বা কারা খুনিদের ভাড়া করেছিল, জানতে চাইলে তিনি বলেন, সেই সিদ্ধান্তে এখনো আসা সম্ভব হয়নি।কারাবন্দী পাঁচজনের বিষয়ে র‌্যাবের কাছে কী তথ্য আছে, জানতে চাইলে র‌্যাবের পরিচালক বলেন, এর আগে তাঁরা কারওয়ান বাজারের জুয়েল নামের একজনকে হত্যার অভিযোগে কারাগারে ছিলেন। জামিনে বেরিয়ে তাঁরা চিকিৎসক নারায়ণ চন্দ্রকে খুন করেন। একটি নামী স্কুলের কর্মকর্তা তানভীর, বাসার দুই নিরাপত্তাকর্মী ও পাঁচ পেশাদার অপরাধীর মধ্যে সমন্বয়টা কীভাবে হলো, কে করল, জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনো বলা যাবে না। বিষয়টি এখনো তদন্তের পর্যায়ে আছে।