অস্বাভাবিক জোয়ারে প্লাবিত উপকূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের কারণে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানির তোড়ে বরগুনার বিভিন্ন স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত ১৫টি চরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ২২টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে।গতকাল রাত আটটায় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর- পশ্চিম দিকে সরে গিয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সেই সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে রায়মঙ্গল নদীর কাছ দিয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: নিম্নচাপের প্রভাবে বরগুনার ১৫টি চরসহ ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থানার তেঁতুলবাড়িয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গিয়ে সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাথরঘাটার তাফালবাড়িয়া, পদ্মা, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আরও ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা গতকাল জানান, সাগর উত্তাল থাকায় বুধবার দুপুর থেকেই সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলো বরগুনা, পাথরঘাটা ও মহিপুরে নিরাপদ আশ্রয়ে ফিরতে থাকে। এখন মোটামুটি সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহাম্মদ জানান, তাঁরা তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকার ২০০ ফুট এবং সদরের বুড়িরচর, পাথরঘাটা উপজেলার পদ্মা ও তাফালবাড়িয়া এলাকার কয়েকটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়েছেন।আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, অস্বাভাবিক জোয়ারে পায়রা নদীর পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে আমতলী উপজেলার পশ্চিম ঘটখালী গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে ১০টি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে। স্থানীয় চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান জানান, গতকাল সকালে পশ্চিম ঘটখালী গ্রামের পশ্চিম চাওড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে গিলাতলী গ্রাম পর্যন্ত প্রায় ৫০০ মিটার বাঁধ ভেঙে গেছে। এতে পশ্চিম ঘটখালী, গিলাতলী, বৈঠাকাটা, বেতমোর, উত্তর ঘটখালী, দক্ষিণ ঘটখালীসহ ১০টি গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, প্লাবিত হওয়া ১০ গ্রামে প্রায় ৯০ হেক্টর জমিতে আউশ এবং ইরি ধানের চাষ চলছে। জলাবদ্ধতা সৃষ্টি হলে ফসলের ক্ষতি হতে পারে।আমতলী ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, পায়রা নদীতে স্বাভাবিকের চেয়ে ৩৪ সেন্টিমিটার উঁচু দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।পটুয়াখালী: পটুয়াখালীর উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। গতকাল অস্বাভাবিকভাবে জোয়ারে পটুয়াখালী শহর ও উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। জোয়ারের পানিতে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের ফেরিঘাটগুলোর গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ সময় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।জোয়ারের পানিতে পটুয়াখালী পৌর শহরের সদর রোড, লঞ্চঘাট, পোস্ট অফিস রোড, নবানপাড়া, চকবাজার, সেন্টার পাড়া, কাঠপট্টি, পুরানবাজার, আদালতপাড়া, পৌরসভা চত্বর, সবুজবাগসহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেড়ে উপকূল প্লাবিত হয়েছে।পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালী নদীবন্দরে ২ নম্বর নৌ-সংকেত দেখানো হয়েছে এবং অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জোয়ারের পানির প্রবল চাপে কলাপাড়া উপজেলার হাজীপুর মাদ্রাসা, কবিরপুর, মিঠাগঞ্জ এবং লালুয়া এলাকার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল ওয়াদুদ জানান, বাঁধ রক্ষায় চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।