অস্বাভাবিক জোয়ারে বাঁধে ভাঙন, বিপর্যস্ত উপকূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল শুক্রবার উপকূলীয় এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে সাত ফুট উচ্চতায় প্রবাহিত হয়েছে। এতে প্লাবিত হয়েছে উপকূলের অন্তত ৩৫০টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে উপকূলের সাত লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে ৬৬ হাজার পুকুর ও চিংড়িঘের। এ ছাড়া বরগুনা, ঝালকাঠি, খুলনা, ফরিদপুর, মহেশখালীতে উপকূল ও নদীতীরবর্তী এলাকার বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে।বরগুনা ও ভোলায় পানিতে ডুবে এবং ঘরের চাপায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার আটজনের মৃত্যু হয়েছে। এদিকে গতকাল দিনভর বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠিসহ উপকূলীয় এলাকায় ঝড় ও বৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে মংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব বাণিজ্যিক জাহাজে পণ্য বোঝাই ও খালাসের কাজ।চট্টগ্রাম অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে বরিশাল, নোয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই নিম্নচাপ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হবে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।বরগুনা ও ভোলায় আটজনের মৃত্যু: বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী ও আঠারোগাছিয়া গ্রামে গতকাল সকাল সাতটার দিকে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ঘরের চাপায় টিয়াখালী গ্রামে নরেন (৭) ও আঠারোগাছিয়া গ্রামে মিনারা বেগম (২৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। কয়েক মিনিট স্থায়ী টর্নেডোর সময় আহত হয় ২৫ জন। এদের মধ্যে সাতজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, বৃহস্পতিবার রাতে বরগুনার তালতলী উপজেলার সাগরের মোহনায় ডুবে যাওয়া এফবি আজমির ট্রলারের নিখোঁজ এক জেলের লাশ গতকাল তালতলীর বাইনতলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে। নাম জানা যায়নি। এ ছাড়া বরগুনা শহরের চরকলোনি এলাকার সুজন মিয়ার ছেলে শাফিন (৫) গতকাল বাড়ির চারপাশে থাকা পানিতে খেলার সময় গভীর পানিতে ডুবে মারা গেছে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের আন্দিরপাড়ের স্বপনচন্দ্র দাসের দুই বছরের ছোট ছেলে মরণচন্দ্র দাস গতকাল পানিতে ডুবে মারা গেছে। এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে চরফ্যাশনের চরনলুয়া গ্রামের মমতাজ বেগম পানিতে ডুবে, দক্ষিণ ফ্যাশন গ্রামের মাসুমা বেগম ঘর চাপা পড়ে এবং চর যমুনার জয়নাল পণ্ডিত (৭০) দীর্ঘক্ষণ পানির মধ্যে থাকায় ঠান্ডাজনিত কারণে মারা গেছেন। ভোলা জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এঁদের মৃত্যুর খবর আমিও শুনেছি।’এদিকে, টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত দমকা হাওয়ায় ভোলার তজুমদ্দিনের চর, কলাতলীর চর, মনপুরার চর, চর নিজাম, চর ফয়েজুদ্দিন, দৌলতখান উপজেলাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।অন্তত ৩৫০ গ্রাম প্লাবিত: গত তিন দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় জেলাসহ বিভিন্ন স্থানে ৩৫৭টি গ্রাম ও পৌর এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে ভোলায় শতাধিক গ্রাম, বরগুনায় ৯০টি গ্রাম, পটুয়াখালীতে অন্তত ৫০টি গ্রাম, খুলনার দাকোপ ও কয়রায় ৩৬টি গ্রাম, নড়াইলে ৩০টি গ্রাম, কক্সবাজারের মহেশখালীতে ২৫টি গ্রাম, সাতক্ষীরার শ্যামনগরে ১৫টি গ্রাম ও ফেনীর সোনাগাজী উপজেলার ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া বাগেরহাটের মংলা এবং নড়াইল, ঝালকাঠি ও ফরিদপুর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এসব গ্রাম ও এলাকার অন্তত সাত লাখ মানুষ তিন দিন ধরে পানিবন্দী হয়ে মানবেতন জীবন যাপন করছে।বাঁধে ভাঙন, দুর্ভোগে জীবন: গত বৃহস্পতিবার রাত আটটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরে তাফালবাড়িয়া গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৭০ থেকে ৭৫ হাত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই এলাকার পদ্মা স্লুইস বাঁধের তিনটি স্থানে বড় গর্ত হওয়ায় এলাকার লোকজন আতঙ্কে আছে। অন্যদিকে, বরগুনা সদরের বালিয়াতলী ও পাথরঘাটা উপজেলার কালমেঘা ও রুহিতা গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়েছে। গতকাল সকালে আমতলীর চাওড়া ইউনিয়নের পশ্চিম ঘটখালীতে প্রায় ১৫০ মিটার বেড়িবাঁধ পায়রা নদীর পানির তোড়ে ভেঙে গেলে আরও ছয়টি গ্রাম প্লাবিত হয়। বরগুনার কড়ইবাড়িয়ার আলীরবন্দর গ্রামের বাসিন্দা শাহ আলম বলেন, ‘চাইর দিন ধইর‌্যা মোরা উপাস। রানমু, খামু কোনো ব্যবস্থা মোগো নাই।’ চাউলাপাড়া গ্রামের আলমগীর বলেন, ‘এলাকার একটা টিউবওয়েলও নাই যে এক চুমুক পানি খামু। ঘরের মধ্যে কোমরসমান পানি।’এদিকে, খুলনার দাকোপ ও কয়রা উপজেলার আইলা-বিধ্বস্ত পাউবো বাঁধ, স্থানীয় উদ্যোগে নির্মিত রিং বাঁধ ভেঙে এবং বাঁধ উপচে জোয়ারের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করছে। ভদ্রা নদীর ভাঙনে দাকোপের সুতারখালী ইউনিয়নের তালতলির ওয়াপদা বেড়িবাঁধের প্রায় ২০০ গজ রাস্তা এবং একই ইউনিয়নের নলিয়ান নদীর ভাঙনে সুতারখালী ইউনিয়নের ১৫০ গজ বেড়িবাঁধ ভেঙে গেছে। পটুয়াখালীতে গত বৃহস্পতিবার দুই দফা ও গতকাল দুপুরের জোয়ারের প্লাবনে জেলার বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের ১৫ দশমিক ৮১ কিলোমিটার সম্পূর্ণ বিধ্বস্ত এবং ৫৫ কিলোমিটার বাঁধের আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া সদর উপজেলার খাটাসিয়া ও মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী স্লুইসগেট দুটিসহ দুমকি উপজেলার মুরাদিয়া কলাগাছিয়া গ্রামের বেড়িবাঁধের সঙ্গে সংযুক্ত ছোট ছোট চারটি ক্লোজার ছুটে নদীগর্ভে নেমে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ।পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, জোয়ারের সময় পানি বিপৎসীমার দেড় ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের পানির প্রবল স্রোতে জেলার বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধসহ স্লুইসগেট ও ক্লোজারের ব্যাপক ক্ষতি হয়েছে।ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল্লাহ জসিম বলেন, অস্বাভাবিক জোয়ারের তোড়ে গত দুই দিনে শশীগঞ্জ স্লুইসগেটের উত্তর পাশে, ইন্দ্রনারায়ণপুর, সৃষ্টিধর, চাপলী এলাকার বাঁধ ভেঙে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। মহেশখালীতে ভেঙেছে ২০ কিলোমিটার বেড়িবাঁধ: বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ে বৃহস্পতিবার ও গতকাল কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। বাঁধ ভাঙায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২০০ চিংড়িঘের ভেসে গেছে। কক্সবাজারের পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।যোগাযোগ বিচ্ছিন্ন: বৈরী আবহাওয়ার ফলে গত বুধবার থেকে বরগুনার সঙ্গে সারা দেশের সড়ক ও নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীর পানি বেড়ে পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় আমতলী-বরগুনা ফেরি গতকাল সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ ছিল।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ ২২টি রুটসহ ঢাকাগামী দোতলা লঞ্চগুলোর চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান। গতকাল সকালে জোয়ারের পানিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার মহীপুর, হাজীপুর, কলাপাড়া ফেরিঘাটসহ গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, লেবুখালী ও বগা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেলে জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ।তলিয়ে গেছে ৬৬ হাজার পুকুর ও চিংড়িঘের: ভোলা, পটুয়াখালীর গলাচিপা, মহেশখালী, বরগুনা, শ্যামনগর, ঝালকাঠি, খুলনার দাকোপ ও কয়রা উপজেলায় গত তিন দিনে ৬৬ হাজারের বেশি পুকুর ও চিংড়িরঘের তলিয়ে গেছে। এর মধ্যে শুধু ভোলার ৬০ হাজার পুকুরের মধ্যে অন্তত ৫০ হাজার পুকুর তলিয়ে গেছে। এ ছাড়া, গলাচিপা উপজেলায় ১৫ হাজার পুকুর ও ঘের; বরগুনা সদর, আমতলী ও পাথরঘাটা উপজেলার ৪০০ মাছের ঘের ও পুকুর; শ্যামনগরে ৪০০ চিংড়িঘের; মহেশখালীতে প্রায় ২০০ চিংড়িঘের; ঝালকাঠিতে দুই শতাধিক মাছের ঘের ও শতাধিক পুকুর; দাকোপ ও কয়রা উপজেলায় পাঁচ শতাধিক চিংড়িঘের ও পুকুর তলিয়ে গেছে।কৃষকের মাথায় হাত: আমতলীতে ৫০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানিয়েছেন। জোয়ারের পানিতে পটুয়াখালী জেলার নয় হাজার ৪৭ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে আছে। ভোলায় ভেসে গেছে গবাদিপশু: ভোলার মনপুরার সামসুদ্দিন বাচ্চু চৌধুরী জানান, মনপুরার সব মানুষের মতো তাঁর প্রায় ৫০টি পুকুর ও ঘেরের মাছ এবং তাঁর খামারের ৪০০ গরু-মহিষ ভেসে গেছে।মংলায় পণ্য বোঝাই ও খালাস বন্ধ: ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সকাল থেকে মংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব বাণিজ্যিক জাহাজে পণ্য বোঝাই ও খালাসের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। মংলা বন্দর হারবার মাস্টার কমান্ডার এনামুল হক এ কথা জানিয়েছেন।বজ্রপাতে দুই সহোদরসহ তিনজনের মৃত্যু: গতকাল দুপুর একটার দিকে বৃষ্টির সময় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কাহালপুর গ্রামের তৈয়ব মোল্লা ও তাঁর দুই ছেলে রঞ্জু মোল্লা (১৮) ও ময়র মোল্লা (২৬) নিজেদের চিংড়িঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।অন্যদিকে, সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক বিপুলকৃষ্ণ দাস জানান, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের কাওছার হাওলাদার (৩৫) গতকাল বনের সুপতি স্টেশন-সংলগ্ন ভোলা নদীতে মাছ ধরছিলেন। দুপুর দেড়টার দিকে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।ট্রলারডুবি ও জেলে নিখোঁজ: নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে তিন দিনে বরগুনার পাথরঘাটার নয়টি মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিহত এবং ৭৮ জন জেলেসহ ছয়টি ট্রলার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভোলা সদর উপজেলায় গতকাল চারটি মাছ ধরার নৌকা ও ট্রলার ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা, বরগুনা ও ফেনী; পটুয়াখালী, খুলনা ও ফরিদপুর অফিস; ভোলা, ঝালকাঠি, বাগেরহাট ও মংলা, আমতলী (বরগুনা), সোনাগাজী (ফেনী), গলাচিপা ও কলাপাড়া (পটুয়াখালী), মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি]