শেয়ারের দামের ভুল বার্তা প্রদর্শন ও নির্ধারিত সময়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও নিয়োগে ব্যর্থতার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত মঙ্গলবার আলাদা আলাদা চিঠিতে এসইসি এসব ব্যাখ্যা তলব করে। এ ছাড়া পাঁচটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের ‘অস্বাভাবিক’ লেনদেন খতিয়ে দেখছে এসইসি। প্রতিষ্ঠানগুলো হলো: লংকাবাংলা সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, আল আরাফাহ ব্যাংক ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং লিমিটেড। এ জন্য এসইসি ৮ ডিসেম্বর পাঁচটি তদন্ত দলও গঠন করেছে। জানা গেছে, সিইও নিয়োগসংক্রান্ত বিষয়ে ডিএসইর সভাপতি ও দামের ভুল বার্তা প্রদর্শনের জন্য সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে ডিএসইকে দুই বিষয়ে তাঁদের লিখিত জবাব দিতে হবে। এসইসি সূত্র জানায়, ৪ ডিসেম্বর থেকে শেয়ারবাজারে তিনটি বাদে বাকি সব কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যে (ফেসভ্যালু) লেনদেন শুরু হয়। এ জন্য সংশ্লিষ্ট কোম্পানি ও ফান্ডের দাম সমন্বয় করা হয়। দাম সমন্বয়ের পরও ১৩৫টি সিকিউরিটিজের মধ্যে অনেকগুলোর দাম বাড়ে। কিন্তু ডিএসইর লেনদেন স্ক্রলে বা ট্রেডিং মনিটরে ‘লাল চিহ্ন’ ব্যবহার করে ১৩৫টিরই দাম কমার বার্তা প্রদর্শন করা হয়।এসইসি বলছে, ‘এতে বিনিয়োগকারীদের মধ্যে দাম কমার ভুল বার্তা ছড়িয়ে পড়ে।’ওই দিন বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়ায়। দিনভর এ নিয়ে নানা মহলে আলোচনাও হয়। এ জন্য বাধ্য হয়ে ওই দিনই ডিএসই কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে বিনিয়োগকারীদের জন্য এ-সংক্রান্ত ‘বিশেষ বার্তা বা স্পষ্টীকরণ ব্যাখ্যা’ প্রচার করে। বার্তায় বলা হয়, অভিহিত মূল্য পরিবর্তনজনিত কারণে দাম সমন্বয় করার পর ১৩৪টি কোম্পানির শেয়ার দর হারিয়েছে। আর একটি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। এই দরবৃদ্ধি ও দর কমার ওপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত না নেওয়ার জন্য ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়। তাতে আরও বলা হয়, দাম সমন্বয়ের ভিত্তিতেই মূল্যসূচকের হিসাব করা হয়েছে। এ ক্ষেত্রে আগের দিনের সর্বশেষ বাজারমূল্যকে হিসাবে ধরা হয়নি। অভিহিত মূল্য পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রায় ৯০ শতাংশ দাম সমন্বয় করতে হয়। এসইসি তাদের চিঠিতে বলেছে, বর্তমান অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কমিশন এ প্রক্রিয়া (অভিহিত মূল্য পরিবর্তন) সূচারুরূপে সম্পন্ন করতে যথেষ্ট সময় দিয়েছে। তা সত্ত্বেও ডিএসই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। এ ছাড়া সিইও নিয়োগসংক্রান্ত এসইসির চিঠিতে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০০০-এর প্রবিধি (৭) অনুযায়ী, প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই পদে নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। তাই এ প্রবিধি পরিপালন না করার বিষয়ে বিষদ ব্যাখ্যা চাওয়া হয়। এদিকে, ১ ডিসেম্বর অন্য একটি চিঠিতে ডিএসই সভাপতি শাকিল রিজভী সংস্থাটির সিইও পদে নিয়োগের সময়সীমা ২০১২ সালের ৮ মার্চ পর্যন্ত বাড়ানোর আবেদন করে। চিঠিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর সতীপতী মৈত্র সিইও পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জহুরুল আলম ওই পদে চলতি দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে যোগ্য সিইও নিয়োগে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। কিন্তু যোগ্য ব্যক্তি পাওয়া যাচ্ছে না। ডিএসইর ওই চিঠির সূত্র ধরেই মঙ্গলবার বিকেলে এসইসি এ বিষয়ে বিষদ ব্যাখ্যা তলব করে। তবে সেদিন সন্ধ্যায় ডিএসই বোর্ড সভায় নতুন সিইও নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এসইসি অনুমোদন সাপেক্ষে নতুন সিইও নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করা হবে।