অসৎ বিদায় হবে, থাকবে সৎ সাংবাদিকতা
বাংলাদেশের সাংবাদিকতা করপোরেট গ্রাসে আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান। তবে অসৎ সাংবাদিকতা বিদায় হয়ে একদিন সৎ সাংবাদিকতাই থাকবে বলে আশাবাদী তিনি।আজ শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবধর্না অনুষ্ঠানে আবেদ খান এ কথা বলেন। ছাত্রাবস্থায় ১৯৬২ সালের ২৩ নভেম্বর দৈনিক ‘জেহাদ’-এর সহসম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন আবেদ খান। আজ তাঁর সাংবাদিকতার ৫০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে আবেদ খানের সাংবাদিকতার ৫০ বছর উদযাপন কমিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।আবেদ খান বলেন, ‘করপোরেট গ্রাস আজ সব গ্রাস করে ফেলেছে। আমাদের সাংবাদিকতা ধ্বংস করে দিচ্ছে। করপোরেট মালিকেরা সম্পাদকের মেরুদণ্ডকে চাবুক বানিয়ে তাঁকেই আঘাত করছেন। কাজেই আমি স্বপ্ন দেখি সাংবাদিকদের একটি পত্রিকা হবে। আমি একটি প্রতিষ্ঠান তৈরি করতে চাই, যেখানে সৎ সাংবাদিকতা শেখানো হবে। আমি স্বপ্ন দেখি অসৎ সাংবাদিকতা বিদায় হবে, সৎ সাংবাদিকতাই থাকবে। আমি না পারলেও আমার উত্তরসূরিরা নিশ্চয়ই আমার এই স্বপ্ন পূরণ করবে। আমি জানি এটি হবেই। কারণ, বাংলাদেশের কোনো পরাজয় নেই।’ ১৯৬৩ সালে আবেদ খান দৈনিক ‘সংবাদ’-এ যোগ দেন। পরের বছরই তিনি ‘ইত্তেফাক’-এ যোগ দেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের ১ মার্চ পুরান ঢাকার নারিন্দা-ওয়ারী অঞ্চলে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি আকাশবাণী বেতার কেন্দ্রে কাজ করার পাশাপাশি ৮ নম্বর সেক্টরে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২ সালে দৈনিক ‘ইত্তেফাক’-এ তাঁর অনুসন্ধানী প্রতিবেদন ‘ওপেন সিক্রেট’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং সারা বাংলাদেশে সাড়া ফেলে। দীর্ঘ ৩১ বছর পর ১৯৯৫ সালে তিনি ‘ইত্তেফাক’ ছেড়ে কলাম লেখা শুরু করেন। ‘অভাজনের নিবেদন’, ‘লেট দেয়ার বি লাইট’, ‘টক অব দ্য টাউন’, ‘প্রাঙ্গণে বহিরাঙ্গনে’, ‘তৃতীয় নয়ন’ নামে তিনি কলাম লিখতে থাকেন। তাঁর এসব কলাম সাধারণ মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলে। ১৯৯৮ সালে প্রথম আলোয় তাঁর ‘কালের কণ্ঠ’ শিরোনামে কলাম প্রকাশিত হয়।১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আবেদ খান একুশে টেলিভিশনের সংবাদ ও চলতি তথ্য বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। ২০০৩ সালে তিনি ‘ভোরের কাগজ’, ২০০৫ সালে ‘যুগান্তর’ ও ২০০৯ সালে ‘কালের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক হন। বর্তমানে তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী।কিন্তু কেমন ছিল তাঁর গত ৫০ বছরের সাংবাদিকতা জীবন? গতকাল তাঁর বন্ধুবান্ধব, সহকর্মী ও স্বজনেরা সেই মূল্যায়ন করেছেন। প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘এ দেশে অনুসন্ধানী সাংবাদিকতার পুরোধা ব্যক্তি আবেদ খান।’ পত্রিকায় কলাম লেখা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।‘ইত্তেফাক’-এর প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, খুব জেনে-শুনে-বুঝে সিদ্ধান্ত নিয়ে তিনি এই পেশায় এসেছেন এবং ৫০ বছর ধরে এই পেশায় আছেন।’ ‘সমকাল’-এর সম্পাদক গোলাম সারোয়ার বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতায় আবেদ খানের নামটি উজ্জ্বল হয়ে থাকবে।’স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আসম্প্রদায়িক রাজনীতির পক্ষে তিনি লিখেছেন। আজ এই সময়ে তাঁর কলাম খুব দরকার।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, ‘৫০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি কখনো আপস করেননি।’ আবেদ খান আবার পত্রিকায় ফিরবেন বলে আশা ‘মানবজমিন’-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীর।অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সত্য কথা বলা আমাদের দায়িত্ব। আর সাংবাদিকদের সেই সত্য বলার কাজটিই করতে হয়। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি আসে, যখন সত্য বলাটা কঠিন হয়ে যায়। সত্য বলাটা এমনই কঠিন হয়েছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর, স্বৈরশাসনের সময় এবং সর্বশেষ জরুরি অবস্থার সময়ে। কিন্তু সব সময়ই সত্য কথা বলেছেন আবেদ খান।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ‘সমকাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, জগলুল চৌধূরী, হায়দার আকবর খান রনো, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ভারতীয় হাইকমিশনের উপ-হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, ‘প্রথম আলো’র বার্তা সম্পাদক সেলিম খান প্রমুখ। মানুষজনের মূল্যায়ন তো হলো। কিন্তু ঘরের মানুষের কাছে আবেদ খান কেমন? অনুষ্ঠানে তাঁর স্ত্রী অধ্যাপক সানজিদা আক্তার ‘আপনারা তাঁকে সদা হাস্যময় দেখেন, কখনো রাগ করতে দেখেন না। কিন্তু তাঁর যত বদমেজাজ, রাগ, অভিমান—সব আমাকে দেখতে হয়। চরম অগোছালো মানুষ, কীভাবে সংসার চলবে, টাকা-পয়সা আছে কি না—এসব দিকে তাঁর কোনো খেয়াল নেই।’ নিজেকে আবেদ খানের কলামের ভক্ত উল্লেখ করে তিনি আশা করেন, তিনি আবার লেখালেখিতে ফিরে আসবেন। যোগ করেন, ‘কলামিস্ট থেকে আবেদ খান সম্পাদক হন। “ভোরের কাগজ”, “যুগান্তর”, “সমকাল” ও “কালের কণ্ঠ”-এর সম্পাদক ছিলেন তিনি। কিন্তু সারাজীবনে আমি তাঁকে কখনো আপস করতে দেখিনি। তাঁর এই সাহসকে আমি শ্রদ্ধা করি।’আবেদ খান তাঁর বক্তব্যে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার জীবনের যত কষ্ট, দারিদ্র্র্যের কশাঘাত, সেটি আমার স্ত্রী ৩৫ বছর ধরে সহ্য করেছেন। সারাজীবন তিনি আমার উত্পাত সহ্য করেছেন। সব সামাল দিয়ে সংসার চালিয়েছেন। টেলিভিশনে বড় তারকা ছিলেন তিনি। কিন্তু আমার জন্য সব ছেড়ে দিয়েছেন। ১৯৯৫ সালে আমি যখন হূদরোগে আক্রান্ত হয়ে মরতে বসেছিলাম, সে তখন আমাকে বাঁচিয়েছিল।বড় ভাই সাংবাদিক তোহা খান, ‘ইত্তেফাক’-এর সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও শহীদ সিরাজুদ্দীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবেদ খান। যোগ করলেন, ‘জীবনে কখনো আপস করিনি। আমার রক্তের মধ্যে আপস নেই।’