অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করাই বড় চ্যালেঞ্জ
নতুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দায়িত্ব নিয়ে বলেছেন, জনগণকে সঠিক তথ্য জানানো এবং অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করাই হবে তাঁর বড় চ্যালেঞ্জ। আজ রোববার দুপুর ১২টার আগে সচিবালয়ে তিনি দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তাঁকে সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ স্বাগত জানান।ইনু বলেন, ‘জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা এবং অসৎ সাংবাদিকতা ও তথ্য আড়াল করার প্রবণতাকে নিরুৎসাহিত করার চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব গ্রহণ করেছি।’ সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের প্রসঙ্গ টেনে ইনু বলেন, ‘তিনি (আবুল কালাম আজাদ) তথ্য মন্ত্রণালয়কে একটি শক্ত জমিনের ওপর দাঁড় করিয়ে গেছেন। আমি সে জায়গা থেকে সামনে এগিয়ে যাব।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের আন্দোলনের সঙ্গে আমি একাত্ম ছিলাম। শুধু এ আমলেই নয়, এর আগেও যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, সব আন্দোলনের সঙ্গেই আমি একাত্ম ছিলাম। তাই সাগর-রুনির হত্যাকারীরা যাতে ধরা পড়ে, সে জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কারণ অপরাধীদের ধরার কাজটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি প্রয়োজন হয় তাহলে আমি মন্ত্রিপরিষদেও প্রস্তাব তুলব।’এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে কাজ করে মন্ত্রণালয়কে এগিয়ে নেওয়াই হবে আমাদের কাজ।’