ভেবেছিলাম বিষয়টা চুকেবুকে গেছে। ওই যে ওয়েস্ট ইন্ডিজের বাসে ঢিল ছোড়া আর বাংলাদেশ দলের প্রতি ক্ষণিকের দুয়ো ধ্বনি। কিন্তু না, একটা বাজে কাজের সূত্র হিসেবে বিশ্বকাপে আমাদের সবচেয়ে বাজে দিনটা যেন শেষ হতে চাইছে না। অবিবেকী নগণ্যসংখ্যক কিছু দায়িত্বহীন লোকের অপকর্মের দায়ভার কী জঘন্যভাবেই না বইতে হচ্ছে দেশকে। গতকাল প্রকাশিত ওয়াসিম আকরামের নিউজিল্যান্ডের কাছে পরাজয়ে ক্ষুব্ধ পাকিস্তানিদের সংযত থাকার আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতি নতুন করে আমাদের বিব্রত করল। আকরাম তাঁর দেশবাসীকে বলেছেন, দলের বাজে খেলায় যেন বাংলাদেশের মানুষের মতো প্রতিক্রিয়া না দেখানো হয়। পাকিস্তানিরা বিক্ষোভ করেছে, কামরান আকমলের বাড়িতে আক্রমণ করেছে। ওই সব ক্ষুব্ধ পাকিস্তানিকে উপদেশ দিতে গিয়ে পাক-কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন। আমরা বিব্রত বোধ করছি, লজ্জিত বোধ করছি এবং কিছুটা অপমান বোধও এড়িয়ে যেতে পারছি না। ওয়াসিমের বিবৃতি সংশ্লিষ্ট প্রথম আলোর স্নেহাস্পদ আরিফুল ইসলামের প্রতিবেদন পড়ে মনটা যা-তা রকম খারাপ হয়ে গেল। এমনিতে আমাদের খেলা নিয়ে খুব ভালো নেই। তারপর এসব। ভাল্লাগে না, অসহ্য!মানছি আকরাম আমাদের অপমান করার জন্য ওভাবে বলেননি। কিন্তু একটু দায়িত্বহীনভাবেই বলেছেন। কতিপয় হঠকারীর কর্মের মধ্যে বাংলাদেশের আপামর জনসাধারণকে ঢুকিয়ে দিয়েছেন। তিনি একই সূত্রে তাঁর নিজের ’৯৬-র অভিজ্ঞতার কথা বলতে পারতেন, বলতে পারতেন গত বিশ্বকাপের ভারতের কথা। আর বাংলাদেশের কথা যখন টানলেনই, তখন এ-ও বলতে পারতেন, রাত না পোহাতে কতিপয় হঠকারীর অপকর্মের বিপরীতে বাংলাদেশের মানুষ খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছে। অনুতাপ প্রকাশ করেছে। তাদের ফুলেল ভালোবাসা গ্রহণ করে মুহূর্তের ক্ষোভ ভুলেছেন ক্রিকেটাররা। এসব ইতিবাচক উদাহরণের সূত্রে বাংলাদেশকে ব্যবহার করলে আকরামের আবেদন সমৃদ্ধ হতো। অতিথি খেলোয়াড়দের গাড়িতে গুলিবর্ষণ করা দেশের মানুষকে ঢিল ছোড়া দেশের মানুষের উদাহরণ টেনে আর কতটা বোঝাবেন ওয়াসিম আকরাম। তারচেয়ে নিজের ঘরের গল্পই ওদের বলুন। বলুন টাকা খেয়ে খেলা বিক্রি করে দিলে, স্পট ফিক্সিং করলে, খামচে কামড়ে বলে ডক্টরিং করলে যখন খেলোয়াড়দের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ো না, তখন স্বাভাবিক খেলার স্বাভাবিক ব্যর্থতায় এত সীমা ছাড়ানো আচরণ কেন? শান্ত থাকো।সে যা-ই হোক, আকরামকে কথা শোনানো আমাদের কর্ম নয়। আমাদের প্রাসঙ্গিক কাজ হচ্ছে নিজেদের আচরণ সম্পর্কে সচেতন হওয়া, যাতে আর লজ্জায় না পড়তে হয়।