অহেতুক খোঁচাখুঁচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সুব্রত দাস নাক খোঁটার বিব্রতকর অভিজ্ঞতার কথা বলছিলেন। ‘বাসের ভেতর লোকের আচরণটা বেশ বিব্রতকর। বারবার নাক খুঁটছে। আবার নাক থেকে খোঁটানো ময়লাগুলো ঘষছে বাসের সিটে। বেশ আয়েশ করে নাক খোঁটানো চলছে। লোকটার কী কাজের কাজ হয়েছে, জানি না। আমার গা উগলানোর মতো অবস্থা। সেই থেকে বাসে উঠলে সিটে হাত দিতে অস্বস্তি লাগে।’খুঁটনেওয়ালারা নাক খুঁটে পায় প্রবল তৃপ্তি। যারা এ কাণ্ড দেখেন, তাঁরা ভোগেন অস্বস্তিতে। কারও কারও আবার নাক খোঁটানোটা চলে গেছে অভ্যাসের পর্যায়ে। দিনে কম করে হলেও তিন-চারবার নাক না খুঁটলে চলেই না। আবার কেউ এটাকে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। নানা রকম কায়দা-কানুন করে ডান হাত, বাঁ হাতে চলে খোঁটাখুঁটি। আর তখন মিতালি থাকে নাকে আর আঙুলে। নাকে বার কয়েক আঙুল ঘষে-মেজে-ডলে তবেই মিলে চরম তৃপ্তিটুকু।আবার একদল লোক খোঁটাখুঁটির ধার ধারে না। নাকের ভেতর থাকা লোমের প্রতি এসব লোকের আগ্রহ বেশি। এরা পরম যত্নে হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি কাজে লাগায়। আঙুল দুটোকে চিমটার মতো করে বের করে আনে একেকটা বেয়াড়া লোম। লোম ছিঁড়ে বের করে আনার সময় মুখে ফুটে ওঠে কঠিন ভাব।নাক খোঁটানো ব্যাপারটা কখনো স্থান-কাল মানে না। এমন একটি ঘটনার বর্ণনা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হোসেন। তবে ঘটনাটা হাস্যকর। শোনা যাক আসিফের বয়ানে, একদিন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। সামনের সারিতে বসা একটি ছেলে বারবার নাক খুঁটছিল। শিক্ষক পড়াতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন। শেষমেশ তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। শিক্ষক অনেকটা চিৎকার করে বলেন, ‘যাও, হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো।’ ছেলেটি শিক্ষকের কথামতো ফ্রেশ হয়ে আসার পর ম্যাডাম ছুড়েছিলেন মোক্ষম অস্ত্র, ‘নাক খুঁটে কী মজা পাও?’ আর ম্যাডামের কথায় ক্লাসজুড়ে উঠেছিল হাসির রোল।আবার কেউ নাক গুঁতোয় কাঠিতে। সরু এক টুকরো কাঠি দিয়ে নাকে সুড়সুড়ি দিয়ে মজা লোটা এদের শখ। এরা নাকে সুড়সুড়ি দিয়ে হাঁচি দিতেও সিদ্ধহস্ত। হাঁচির দূষিত পানির ঝাপটা কার গায়ে আছড়ে পড়ে, এ ব্যাপারে এদের মাথাব্যথা নেই বললেই চলে। এই কাণ্ডজ্ঞানহীন মানুষের দলে রয়েছে নাকঝাড়া পার্টি। এরা সময়ে-অসময়ে হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরে নাক। আর ঝেড়ে ফেলে ভেতরের সবটুকু জল। এরপর হাতটা হয়তো ডলে দেয় পাশের বাড়ির দেয়াল অথবা সরকারি পোলের গায়ে।নাক খোঁটানোর স্বাস্থ্যঝুঁকি নিয়ে কথা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের সহকারী রেজিস্ট্রার ওবায়দুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ‘নাকের ভেতর হাত ঢোকানোর মানে হলো, হাতের জীবাণুগুলো নাকের ভেতর দিয়ে দেওয়া। তা ছাড়া নাকের ভেতরকার অংশ সংবেদনশীল বলে তাতে হাতের নখের আঁচড়ে ইনফেকশন হওয়ার আশঙ্কা থেকে যায়। যাদের নাকের লোম ছেঁড়ার অভ্যাস রয়েছে, তাদেরও সাবধান হওয়া উচিত। কারণ লোম ছিঁড়লে নাকের লোমকূপে মারাত্মক প্রদাহ হতে পারে।’ নাকের ময়লা প্রসঙ্গে তিনি বলেন, নাকে বেশি পরিমাণে ময়লা হওয়া একটা রোগ। এর জন্য চিকিৎসা রয়েছে। অনেকে নাকের ময়লায় অস্বস্তি বোধ করে। তাদের নাক না খুঁটিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।