অ্যাংলো-আইরিশ সম্পর্কে নতুন মাত্রা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের আয়ারল্যান্ড সফর অ্যাংলো-আইরিশ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।গত মে মাসে প্রথমবারের মতো আয়ারল্যান্ড সফরে গেলে রানিকে স্বাগত জানায় আইরিশ জনগণ। আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিইকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্যামেরন বলেন, রানির এ সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, লন্ডন ও ডাবলিনের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটছে। গুড ফ্রাইডে চুক্তি এবং উত্তর আয়ারল্যান্ডের সমস্যা সমাধানের ফলে দুই দেশের মধ্যকার একসময়ের শীতল সম্পর্কও স্বাভাবিক হতে শুরু করেছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় আরটিই ‘দ্য কুইনস স্পিচ’ শিরোনামে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রচার করবে বলে জানায় বিবিসি।ওই সফরে আইরিশ ভাষায় রানির দেওয়া বক্তব্যের মূল অংশ তুলে ধরে ক্যামেরন বলেন, ‘তিনি জনগণের প্রতি আন্তরিক ছিলেন। তাই আমি মনে করি যুক্তরাজ্য ও আইরিশদের মধ্যে বছরের পর বছর ধরে চলে আসা সম্পর্ক এখন পূর্ণতা লাভে সক্ষম।’নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার পরও প্রেসিডেন্ট ম্যাকআলিসের আমন্ত্রণে রানি দ্বিতীয় এলিজাবেথ চার দিনের এক ঐতিহাসিক সফরে গত ১৭ মে আয়ারল্যান্ডে যান। যুক্তরাজ্যের সাবেক উপনিবেশ আয়ারল্যান্ডের মাটিতে গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ অধিরাজ পা রাখেন। লন্ডনে আইরিশ ভিন্ন মতাবলম্বীদের হুমকি ও ডাবলিনের কাছ থেকে বোমা উদ্ধারের পর রানির সফর বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এর আগে ১৯১১ সালে রানির পিতামহ রাজা পঞ্চম জর্জ আয়ারল্যান্ড সফরে এসেছিলেন। এরপর থেকে এ পর্যন্ত ব্রিটিশ রাজপরিবারের কোনো রাজা বা রানি দেশটি সফরে যাননি। ১৯২১ সালে আয়ারল্যান্ড ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করলেও এখনো উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ ব্রিটেন নিয়ন্ত্রণ করছে। এ নিয়ে সেখানকার ভিন্ন মতাবলম্বীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ড শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। আইরিশ প্রেসিডেন্ট ম্যাকআলিস বলেন, রানির আয়ারল্যান্ড সফর হলো ওই শান্তিচুক্তির চূড়ান্ত সাফল্যেরই অংশ।