গানের সংগঠন উত্তরায়ণের প্রথম বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বর্ষার গান নিয়ে এই অনুষ্ঠানের শিরোনাম ‘এবং বর্ষা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে কাল শুক্রবার সন্ধ্যায় হবে এই অনুষ্ঠান। এখানে যন্ত্রানুষঙ্গ পরিচালনা করার জন্য এসেছেন ভারতের প্রখ্যাত যন্ত্রানুষঙ্গ ও সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়। গতকাল বুধবার দুপুরে মহড়ায় অংশ নেওয়ার আগে কথা হলো তাঁর সঙ্গে।কবে এসেছেন?সোমবার সন্ধ্যায়। আগেও অনেকবার এসেছি। গত বছরও এসেছিলাম, ৩০ জুলাই। উত্তরায়ণের প্রথম অনুষ্ঠানে। এ ছাড়া বাংলাদেশে প্রথম এসেছিলাম ২০০৩ সালে। এই দেশের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমার পূর্ব-পুরুষের ভিটে ছিল বিক্রমপুরে। পরে তারা কলকাতায় চলে যায়।কলকাতায় ব্যস্ততার জন্য আপনার সঙ্গে কথা বলা যায় না।... হ্যাঁ, খুব ব্যস্ত থাকতে হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমার সঙ্গে আরও এসেছেন রাহুল চ্যাটার্জি (সেতার), শুভায়ু সেন মজুমদার (এস্রাজ), গৌতম সোম (কিবোর্ড) আর জয়দেব নন্দী (তবলা, পাখোয়াজ, খোল)। আমাদের সবার ব্যস্ততা একই রকম। লিলি ইসলামের আমন্ত্রণ পেয়ে চলে এলাম। ৩০ জুলাই ফিরতে হবে।বাংলাদেশের যে শিল্পীরা কলকাতায় গান রেকর্ডিংয়ের কাজ করেন, তাঁদের বেশির ভাগ যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেন আপনি। এখানকার শিল্পীদের ব্যাপারে আপনার অনুভূতির কথা বলুন।বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার প্রথম অভিজ্ঞতা হয়েছিল সেলিনা মালেকের সঙ্গে। জামিল চৌধুরী তাঁকে নিয়ে গিয়েছিলেন আমার কাছে। এরপর থেকে যাঁদের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকেই এ দেশের প্রখ্যাত সব শিল্পী। রবীন্দ্রসংগীতের শিল্পীদের সঙ্গেই বেশি কাজ হয়েছে। সবার সঙ্গে কাজ করেই আনন্দ পাই।বাংলাদেশের শিল্পীরা কলকাতায় রেকর্ডিং করার ব্যাপারে এত আগ্রহী কেন?আসলে আমরা ওখানে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র বেশি ব্যবহার করি। শুনেছি ঢাকায় অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রীর যথেষ্ট অভাব রয়েছে। আর কদিন পর আমাদের ওখানেও এই সমস্যা হবে। সবাই এখন প্রযুক্তির দিকে ছুটছে। আমার ইচ্ছা আছে, বছর পাঁচেক পর অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ওপর একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট করব। গানের জন্যই অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের চর্চা টিকিয়ে রাখতে হবে।