অ্যাঙ্গোলার নির্বাচনে জিতল ক্ষমতাসীন দল
অ্যাঙ্গোলার সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন দল পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলা (এমপিএলএ) প্রদত্ত ভোটের ৭৪ দশমিক ৪৬ শতাংশ পেয়ে জয়ী হয়েছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দো সান্তোসের ৩৩ বছরের শাসন জারি থাকল।দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র জুলিয়া ফেরেরা আজ শনিবার বলেন, এখন পর্যন্ত প্রায় ৫৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে এমপিএলএ প্রায় তিন-চতুর্থাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। তিনি বলেন, নির্বাচনে মোট ভোটারের ৫৭ শতাংশ ভোট দিয়েছে।আল জাজিরার এক খবরে আজ শনিবার বলা হয়, নির্বাচনের আগে ক্ষমতাসীন দল সংবিধান পরিবর্তন করে। এর ফলে অধিকাংশ ভোটারের সমর্থন পেয়ে দলটি সহজেই নির্বাচিত হবে, এমন ধারণা করা হচ্ছিল। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ২২০ আসনের পার্লামেন্টের জন্য সদস্য নির্বাচন করা হয়।আফ্রিকান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান পেদ্রো ভেরোনা পিরেস দেশটিতে ২০০৮ সালের সাধারণ নির্বাচনের সাপেক্ষে এ বছরের নির্বাচনকে ‘সন্তোষজনক’ আখ্যা দিয়েছেন। কেপ ভার্দের সাবেক প্রেসিডেন্ট পিরেস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সবাই একমত যে, এবারের নির্বাচন ২০০৮ সালের তুলনায় ভালো হয়েছে।’