বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বাড়ানোর বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত চাইবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার দুপুরে এ সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর বেলা দুইটায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও উপসচিব (কারা-২) কায়কোবাদকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে তাঁর আইনজীবীর করা আবেদনটি পর্যালোচনা এবং এর আইনগত দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়।মন্ত্রিসভায় আলোচনা: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ না বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যে (কোকো) বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, সে কিসের অসুস্থ? যদি খালেদা জিয়ার ছোট ছেলে প্রকৃতই অসুস্থ হয়, তবে তার মা কেন গত দুই বছরে তাঁর ছেলেকে দেখতে গেলেন না।সূত্র জানায়, প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি যখন বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলাম, তখন খালেদা জিয়া বলেছিলেন, দেশেই ভালো চিকিৎসক আছেন। তাহলে তাঁর ছেলেকে কেন তিনি চিকিৎসা নিতে বিদেশ পাঠিয়েছেন?’ তিনি বলেন, যে অন্যায় করবে, সে কখনো ছাড় পাবে না, সে যে দলেরই হোক। রিটের শুনানি মুলতবি: এদিকে কোকোর প্যারোল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। গতকাল আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে কোকোর প্যারোলের মেয়াদ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তাই তিনি শুনানি মুলতবি রাখার আবেদন করেন।”এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।২২ আগস্ট কোকোর পক্ষে তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন হাইকোর্টে রিটটি করেন। এতে প্যারোল বাতিল অবৈধ ঘোষণা এবং মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।