অ্যাডেলের কষ্টের অভিজ্ঞতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের কথা ঠিকই আছে, শিল্পীও বদলাননি, কিন্তু থেমে গিয়েছিল সুর। এমনটি ঘটেছে ব্রিটিশ সংগীত-তারকা অ্যাডেলের বেলায়। গত নভেম্বরে গলায় অস্ত্রোপচারের কারণে অনেক দিন গান থেকে দূরে ছিলেন তিনি। টানা দুই মাস কথা বলতে পারেননি। এ কারণে বড় ধকল গেছে তাঁর। মার্কিন টিভি অনুষ্ঠান সিক্সটি মিনিটস-এ উপস্থাপক অ্যান্ডারসন কুপারের সঙ্গে আলাপকালে তিনি তাঁর এই কষ্টের অভিজ্ঞতার কথা জানান। স্বরযন্ত্রে রক্তক্ষরণের কারণে তাঁর গলায় এই অস্ত্রোপচার করা হয়। সুস্থ হয়ে ওঠার পর এই প্রথম দেওয়া সাক্ষাৎকারে অ্যাডেল বলেন, ‘আমি কথা বলতে পছন্দ করি। সে ক্ষেত্রে নীরব থাকা ছিল খুব কঠিন বিষয়।’ নোটপ্যাডে লিখে এবং তাঁর কথা প্রকাশে সক্ষম বিশেষ ফোনেই কথোপকথনের কাজ চালিয়েছেন তিনি। পিপল।