অ্যানথ্রাক্স আতঙ্ক দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স আতঙ্ক দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। অ্যানথ্রাক্সের নামে আতঙ্ক ছড়ানো গরুর মাংসের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করে সমিতির নেতারা সরকার ও গণমাধ্যমের কাছে এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।গতকাল শুক্রবার বিকেলে গাবতলী পশুর হাটে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি অ্যানথ্রাক্সের বিরুদ্ধে অপপ্রচার রোধে আলোচনা সভার আয়োজন করে। সেখানে মাংস ব্যবসায়ীরা ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে সরকার কোনো উদ্যোগ না নিলে বড় ধরনের কর্মসূচি নেওয়া হবে।সভায় সমিতির নেতারা বলেন, পোশাকশিল্পের সমস্যা সরকার সমাধান করেছে। অ্যানথ্রাক্স-সমস্যাও সরকারকে ১৫ দিনের মধ্যে সমাধান করতে হবে। গরুর মাংসের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করলে সারা দেশে একযোগে আন্দোলন শুরু করা হবে।বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, অ্যানথ্রাক্স নিয়ে সরকারের বিভিন্ন বিভাগ থেকে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় গরুর মাংস বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে।গোলাম মর্তুজা বলেন, অ্যানথ্রাক্স আতঙ্কের আগে রাজধানীর প্রায় পাঁচ হাজার মাংসের দোকানে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার গরু জবাই হতো। এখন এ সংখ্যা ২০০তে নেমে এসেছে। এতে মাংস বিক্রির পেশার সঙ্গে জড়িত প্রায় ১৫ হাজার মানুষের পথে বসার উপক্রম হয়েছে।গাবতলী পশুর হাট কমিটি সূত্রে জানা গেছে, আগামী কোরবানি ঈদের জন্য দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকেরা বিপুলসংখ্যক গরু-ছাগল মজুদ করে রেখেছেন। অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে গাবতলী গরুর হাটে গরু আমদানি ও বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে।