অ্যানথ্রাক্স কোনো মরণব্যাধি নয়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, অ্যানথ্রাক্স রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি কোনো মরণব্যাধি নয়। এর চিকিৎসা অত্যন্ত সহজ। দেশের চিকিৎসকেরাই এর চিকিৎসা বিষয়ে পুরোপুরি অবগত এবং এর ওষুধ সবখানে পাওয়া যায়। রোগটি ছোঁয়াচে নয়। দ্রুত চিকিৎসা নিলে ১০ দিনের মধ্যে এ রোগ থেকে আরোগ্য লাভ করা যায়।স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানথ্রাক্সে আক্রান্ত চিকিৎসারত দুজন রোগীকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।রুহুল হক বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত এলাকার সব গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়া এবং ওই এলাকার মানুষকে সচেতন করার কাজ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগ, প্রাণীসম্পদ বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে এ কাজ করছে। মানুষ সচেতন হলে এ রোগ সীমায়িত ও নিয়ন্ত্রণে থাকবে। তিনি অসুস্থ পশুকে জবাই না করে এবং মৃত প্রাণীকে মাটির ছয় ফুট গভীর গর্তে অবশ্যই পুঁতে ফেলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. আবু হানিফ (৪৫) ও তাঁর ছেলে আমির হামজা (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাসস।