অ্যানথ্রাক্স থেকে রক্ষা পেতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে মোরগ-মুরগির বাজার ছিল চাঙা। কারণ অ্যানথ্রাক্স আতঙ্কে গরুর মাংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকে। অথচ গরু-খাসি অ্যানথ্রাক্সমুক্ত হলে এর মাংস খেতে কোনো বাধা নেই। জবাইয়ের আগে নিশ্চিত হয়ে নিলেই হয়, পশুটি রোগজীবাণু মুক্ত কি না। এ নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। তবে এই নিধিরাম সর্দারের ঢাল-তলোয়ার বলতে আছে পাঁচটি জবাইখানা আর দুজন পরিদর্শক।এদিকে অ্যানথ্রাক্স প্রতিরোধে ডিসিসি ‘অ্যানথ্রাক্স রোগ আতঙ্ক নয়, চাই জনসচেতনতা’ এই শিরোনামে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। আবার অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে করণীয় জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর। এ বিজ্ঞপ্তি দুটিতে উল্লেখ করা হয়েছে, এটি গবাদিপশুর একটি সংক্রামক রোগ। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত পশুর মল-মূত্র, রক্ত, চামড়া, মাংস প্রভৃতির সংস্পর্শে এলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অ্যানথ্রাক্সের জীবাণু মানুষের শরীরে দীর্ঘস্থায়ী ফোঁড়া, চামড়ার ওপর ফোস্কাজাতীয় ক্ষতের সৃষ্টি করে। অ্যানথ্রাক্সে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকার দরকার নেই। কারণ এ রোগ গবাদিপশু থেকে মানুষে ছড়ায়, মানুষ থেকে মানুষে নয়। তবে আক্রান্ত ব্যক্তির পোশাকআশাক ব্লিচিং পাউডার দিয়ে ধুতে হবে। অ্যানথ্রাক্সের জীবাণু পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়ে সহজেই নির্মূল করা যায়। তবে ‘নিরাময়ের চেয়ে প্রতিরোধ উত্তম’ প্রবাদে যারা বিশ্বাসী, তারা প্রতিরোধকর্মেই বেশি উদ্যোগ নেবে। এ জন্য সব সুস্থ গবাদিপশুকে অ্যানথ্রাক্স রোগের টিকা দিতে হবে। অ্যানথ্রাক্সে আক্রান্ত পশু জবাই করা যাবে না। আক্রান্ত পশুর সংস্পর্শে যদি আসতেই হয়, তবে হাতমোজা (গ্লাভস) ব্যবহার করতে হবে। আর কাজ শেষে সাবান দিয়ে হাত ধুতে হবে। সুস্থ পশু জবাই, মাংস কাটা ও ধোয়ার কাজে যারা জড়িত, তাদেরও কাজ শেষে সাবান দিয়ে হাত ধুতে হবে। এ ছাড়া এসব কাজের সময় তাদের কোনো প্রকারের খাবার খাওয়া চলবে না।রান্না করা মাংস খেলে অ্যানথ্রাক্স রোগ হওয়ার আশঙ্কা নেই। তবে মাংস কেনার আগে দেখে নিতে হবে, তা ডিসিসির পরিদর্শক দিয়ে পরীক্ষিত ও সিল দেওয়া কি না। মাংসের দোকানে ঝোলানো রানে থাকবে ডিসিসির সিল। তবে ডিসিসির জবাইখানা ও জনবলস্বল্পতায় জবাইয়ের আগে সব পশু পরীক্ষা ও সিল দেওয়ার কাজটি মাংস ব্যবসায়ীরা করাতে পারছেন না বলে অভিযোগ করেন ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রবিউল আলম। ‘অ্যানথ্রাক্স দেখা দেওয়ার পর গাবতলী হাটে ঢোকানোর আগে সব পশু পরীক্ষা করছেন সরকারি পশু চিকিৎসকেরা। তাই ঢাকার মাংসের বাজারে এখন রোগ-জীবাণুমুক্ত গরু ও খাসির মাংস পাওয়া যাচ্ছে।’ আতঙ্কের বদলে ভরসার কথাই শোনালেন রবিউল।বিশাল নগরে এই অবকাঠামো আর জলবল যে অপর্যাপ্ত, সে কথা স্বীকার করলেন ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা আজমত আলী। তিনি বলেন, অ্যানথ্রাক্স আতঙ্কে এখন তাঁদের পরিদর্শকবহরে সরকার অস্থায়ীভাবে আরও পাঁচজন পশুচিকিৎসক দিয়েছে। কিন্তু তাঁরা স্থায়ীভাবে পরিদর্শনের জন্য সাতজন পশুচিকিৎসক চেয়ে আবেদন করেছেন।