সরকার অ্যানথ্রাক্স বা তড়কা রোগ বিষয়ে জারি করা রেড অ্যালার্ট তুলে নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। মন্ত্রী আশা করছেন, গরুর মাংস খাওয়া ও দুধ পানের ব্যাপারে জনমনে যে ভীতি তৈরি হয়েছিল, এ ঘোষণায় তা দূর হবে।দেশের কয়েকটি জেলায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গত মাসের প্রথম সপ্তাহে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের ছুটি বাতিল এবং রেড অ্যালার্ট জারি করে। গতকালের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জনগণের কাছে বিচ্ছিন্নভাবে রেড অ্যালার্টের ভুল ব্যাখ্যা করা হয়। এ কারণে অনেক মানুষ মাংস ও দুধ খাওয়া থেকে বিরত থাকে।সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, অ্যানথ্রাক্স নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের কারণে মানুষের মনে অহেতুক ভীতি তৈরি হয়েছে। কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যানথ্রাক্স-আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্ত্রী যে অভিযোগ করেছিলেন, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছে। মন্ত্রণালয় খবরগুলোর সত্যতা যাচাইয়ের পর ব্যবস্থা নেবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের চাপে রেড অ্যালার্ট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি সরকার। মন্ত্রী বলেন, ২০০৮ ও ২০০৯ সালে দেশে অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত গবাদিপশুর সংখ্যা ছিল যথাক্রমে ৪৩৭ ও ৪৪৯টি। আর চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১০৪টি পশু (গরু ৪৮ ও ৫৬ ছাগল) এই রোগে আক্রান্ত হয়। তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ইতিমধ্যে দেশে অ্যানথ্রাক্সের সংক্রমণ হ্রাস পেয়েছে। তবে অ্যানথ্রাক্স নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।২১ সেপ্টেম্বর এক প্রেস বিফিংয়ে আবদুল লতিফ বিশ্বাস বলেছিলেন, দেশের আটটি জেলার ১৮টি উপজেলার সব গরু, ছাগল, ভেড়া ও মোষকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হবে। গতকালের সংবাদ সম্মেলনে এর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একটি উপজেলার সব পশুকে টিকা দেওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত টিকা দেওয়ার কাজ চলবে।আতঙ্ক দূর করতে ব্যাপক প্রচার দরকারবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট চিকিৎসক এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, মানুষের মন থেকে অ্যানথ্রাক্সের আতঙ্ক দূর হওয়া জরুরি। কারণ গরু বা খাসির মাংস আমিষের অন্যতম প্রধান উৎস। দীর্ঘদিন আতঙ্কে থাকলে মানুষ আমিষের ঘাটতিতে পড়তে পারে। আতঙ্ক দূর করার জন্য সরকারের ব্যাপক প্রচার চালানো দরকার।এ বি এম আবদুল্লাহ আরও বলেন, অসুস্থ গরু জবাই করা যাবে না—এটা নিশ্চিত করতে হবে। অন্যদিকে মানুষকে জানাতে হবে, দুধে অ্যানথ্রাক্সের জীবাণু থাকে না। তিনি বলেন, অ্যানথ্রাক্সে সংক্রমিত হলে মানুষ মারা যায় না। মানুষ থেকে মানুষেও এ রোগ ছড়ায় না। আর চিকিৎসা নিলে মানুষ সম্পূর্ণ সুস্থ হয়।