অ্যানথ্রাক্স ভীতি দূর করার ব্যাপারে সরকারের উদ্যোগ গ্রহণের আহ্বান
অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। এটি মহামারি আকার ধারণ করার মতো রোগ নয়। রাজধানী ঢাকায় অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু ঢুকছে না। তাই নগরে এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পশু ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা আজ শুক্রবার এক আলোচনা সভায় এই দাবি করেন। গাবতলী গরুর হাট প্রাঙ্গণে ‘অ্যানথ্রাক্স প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমবায় সমিতি ও গাবতলী পশু ব্যবসায়ী সমবায় সমিতি। বিশেষজ্ঞরা বলেন, গরুর মাংস খেলে মানুষের অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। কেননা, অ্যানথ্রাক্স আক্রান্ত যেকোনো গরু দুই থেকে ছয় ঘণ্টা বাঁচে। আর ঢাকার বাজারে বিভিন্ন জেলা থেকে গরু আসতে কোনো কোনো সময় ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লেগে যায়। এ প্রসঙ্গে ডিসিসির ভেটেরিনারি বিভাগের প্রধান আজমত আলী জানান, ঢাকায় যেসব গরু আসে রাজধানীর প্রবেশপথেই সেটি অ্যানথ্রাক্স আক্রান্ত কি-না, তা পরীক্ষা করা হয়।ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি গোলাম মোর্তুজা মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডিসিসির প্রাণিসম্পদ বিভাগের আমিনুল ইসলাম, সমিতির বর্তমান সভাপতি শেখ মো. আবদুল বারী ও সাধারণ সম্পাদক মো. সেলিম, গাবতলী গবাদিপশু ব্যবসায়ী সমিতির নেতা নূরুল ইসলাম নূরু, মাংস ব্যবসায়ী সমিতির নেতা আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।আমিনুল ইসলাম বলেন, ‘রাজধানীতে অ্যানথ্রাক্স আক্রান্তের কোনো সংবাদ আমরা পাইনি।’ অনুষ্ঠানে ব্যবসায়ীরা অ্যানথ্রাক্স সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।সভায় মাংস ব্যবসায়ী সমিতি এবং গবাদিপশু সমিতির নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে অ্যানথ্রাক্স ভীতি দূর করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তাঁরা গরুর মাংস বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হবেন। তাঁরা অ্যানথ্রাক্স আতঙ্ককে একটি ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে বলেন, এই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সোয়া দুই লাখ মানুষ জড়িত। এদের রুটি-রুজির প্রশ্নেই এ বিষয়টি সম্পর্কে গণসচেতনতা বাড়াতে হবে। জনগণের ভেতর থেকে অ্যানথ্রাক্স ভীতি দূর করার ব্যাপারে সরকারের সংশ্লি¬ষ্ট দপ্তরকেই উদ্যোগ নিতে হবে বলে তাঁরা উল্লে¬খ করেন। বাসস