অ্যান্টার্টিকায় দক্ষিণ কোরীয় জাহাজডুবি, মৃত ৫
দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরা জাহাজ আজ সোমবার অ্যান্টার্টিকার কাছে বরফ পানিতে ডুবে গেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছে। দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।ইন সাং নামের এ জাহাজের ২০ জন ক্রুকে অন্য একটি জাহাজ দিয়ে উদ্ধার করা হয়েছে। নিউজিল্যান্ডের উদ্ধার সমন্বয়ক কেন্দ্র জানিয়েছে, জাহাজটি আজ স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় দিকে উত্তর অ্যান্টার্টিকা থেকে প্রায় এক হাজার কিলোমিটার এবং দক্ষিণ নিউজিল্যান্ড থেকে প্রায় দুই হাজার ৭০০ কিলোমিটার দূরে ডুবে যায়। কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা অবশ্য জানা যায়নি।দক্ষিণ কোরিয়ার এ জাহাজটিকে উদ্ধারের জন্য নিউজিল্যান্ডের দুটি এবং দক্ষিণ কোরিয়ার তিনটি জাহাজ কাজ চালিয়ে যাচ্ছে। ডুবে যাওয়া জাহাজের বেঁচে যাওয়া আরোহীদের উদ্ধারের জন্য নিউজিল্যান্ড বিমানবাহিনীর একটি বিমান ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বিমানটির সেখানে পৌঁছতে আট ঘণ্টার মতো সময় লাগবে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার জাহাজটি যে স্থানে ডুবে গেছে, সেখানকার তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বলে জানা গেছে। স্বাভাবিকভাবে কোনো মানুষ এ তাপমাত্রায় সর্বোচ্চ ১০ মিনিট বেঁচে থাকতে পারে।