অ্যান্টিবায়োটিকের ব্যর্থতায় হুমকিতে মানবস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে পেনিসিলিন আবিষ্কার করে ব্যাকটেরিয়ার সংক্রমণের শিকার মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। এরপর কয়েক দশকে বিশ্বে পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক তৈরির ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি হয়েছে। সংক্রমণ ঠেকাতে ও জটিল রোগ থেকে প্রাণ বাঁচাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ক্রমে বেড়েছে। কিন্তু নতুন তথ্য বলছে, অ্যান্টিবায়োটিকের আক্রমণ ঠেকাতে দারুণ কৌশলী হয়ে উঠেছে ব্যাকটেরিয়া, হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী। এ ছাড়া, গবেষণার ফল বলছে, বিশ্বের বিভিন্ন দেশে চিকিত্সকেরা যেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করেন, সেগুলোর ৫০ শতাংশই ভুল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ মাত্রা আরও বেশি। অ্যান্টিবায়োটিকের ব্যবহার ঘিরে ঘনিয়ে ওঠা আশঙ্কাকে কেন্দ্র করে প্রচ্ছদকাহিনি ছেপেছে ভারতের সাপ্তাহিক সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’। এখন পর্যন্ত আবিষ্কৃত ওষুধগুলো ব্যাকটেরিয়া প্রতিরোধের ক্ষমতা হারালে কী হবে, সে উত্তরই খোঁজার চেষ্টা করা হয়েছে ওই নিবন্ধে।অতিব্যবহারে প্রতিরোধীবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০১০ সাল থেকে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ক্ষমতার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে আসছে। এ বছর সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ডব্লিউএইচওর মহাপরিচালক মার্গারেট চ্যান আশঙ্কার পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, ব্যাকটেরিয়াগুলো যেভাবে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠছে, তাতে অচিরেই ‘আধুনিক চিকিত্সাবিজ্ঞানের মৃত্যু ঘটতে পারে’। ‘ইন্ডিয়া টুডে’র ওই নিবন্ধে বলা হয়েছে, মানবস্বাস্থ্যের জন্য হুমকি, এমন বিষয়গুলোর মধ্যে ব্যাকটিরিয়ার সংক্রমণই সম্ভবত সবচেয়ে নিয়মিত।বিবর্তনে পটু ব্যাকটেরিয়া১৯৪৫ সালে আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কারে তাঁর অবদানের জন্য নোবেল পুরস্কার হাতে তুলে নেন, তখনই তিনি ব্যাকটেরিয়া নিয়ে সতর্ক করেছিলেন মানবজাতিকে; সাবধান করে দিয়েছিলেন ব্যাকটেরিয়ার পাল্টা আঘাত সম্পর্কে। এ হুঁশিয়ারি এক বিজ্ঞানীর খামখেয়ালিপনা নয়; বরং ব্যাকটেরিয়ার চরিত্র। জীবের বিবর্তনের ইতিহাসে সবচেয়ে পটু ও দক্ষ চরিত্র এই ব্যাকটেরিয়া। সময় ও পরিবেশের প্রয়োজনে নিজেদের অবয়ব, কাঠামো, বেঁচে থাকার উপায়—সব পাল্টে ফেলে এ অণুজীব। প্রতি ২০ মিনিটে এদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। মাত্র এক ঘণ্টার মধ্যে তৃতীয় প্রজন্মের চরিত্র-বৈশিষ্ট্যও লাভ করতে পারে এরা। যেকোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে এদের জন্য একটা প্রজন্ম টিকে থাকাই যথেষ্ট। ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বিজ্ঞানী সরলা বালাচন্দ্রন বলেন, ‘অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে তাদের ধ্বংস করে দেয়। তাই প্রজাতি বাঁচাতে ব্যাকটেরিয়া নিজেই রূপান্তর প্রক্রিয়ায় চলতে শুরু করে।’ তিনি আরও বলেন, ব্যাকটেরিয়ার বংশ বাড়ে খুব দ্রুত। এরা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জিনগুলো বিকশিত করে দ্রুতগতিতে প্রতিরোধী হয়ে ওঠে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের সূত্রানুযায়ী টিকে থাকে এরা। সরলা আরও বলেন, ‘অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করার অর্থ হলো আপনি অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরির সুযোগ করে দিলেন।’ লুকিয়ে বাড়ছে মরণব্যাধিব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতির মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা বেড়ে চলেছে লোকচক্ষুর অন্তরালে। ওয়াশিংটনের সেন্টার ফর ডিজিস ডাইনামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসির (সিডিডিইপি) পরিচালক রামানন লক্ষ্মীনারায়ণ বলেন, সুপ্ত মহামারি এগিয়ে আসছে। স্বাস্থ্য অর্থনীতিবিদ রামানন ১৬ বছর ধরে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক-প্রতিরোধের ক্ষমতা বিষয়ে গবেষণা করছেন। তিনি বলেন, ‘লক্ষ করলে বুঝবেন, এখন চিকিত্সকেরা অ্যান্টিবায়োটিকের দীর্ঘ কোর্স দেন। এর অর্থ, ওষুধ বাবদ আপনার খরচ বাড়ছে। ভারতে প্রতিবছর প্রায় ১০ লাখ এক মাস বয়সী শিশু ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রাণ হারায়। সিডিডিইপি বলছে, ভারতে বিভিন্ন কারণে যেসব শিশু মারা যায়, তাদের ৩০ শতাংশের মৃত্যু হয় অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে। দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিত্সক চাঁদ বাট্টাল বলেন, ‘এই বিপদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির চেয়ে কোনো অংশে কম নয়। দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি জানান, ২০০২ সালে থেকে এ বছরের শুরু পর্যন্ত হাসপাতালে তাঁর নিজের বিভাগে মোট ৭৭ হাজার ৬১৮ জন রোগী দেখেছেন। এসব রোগীর মধ্যে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ফুসফুসের সংক্রমণ ঠেকাতে শেষ উপায় হিসেবে যে অ্যান্টিবায়োটিকটি (কার্বাপেনেম) এত দিন ব্যবহার করা হতো, সেটির কার্যকারিতা কমছে। এক দশক আগে মাত্র দুই দশমিক চার শতাংশ রোগীর দেহে কার্বাপেনেম কাজ করত না, এখন এ হার ৫২ শতাংশ।অসাবধানী ব্যবহারভারতের অনেক রোগী মনে চাইলেই দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান। চিকিত্সকেরা বলছেন, তাঁরা যদি রোগীদের অ্যান্টিবায়োটিক না দেন, তাহলে রোগীরা তাঁদের কাছে আসেন না। ২০১০ সালে ডব্লিউএইচও পরিচালিত এক জরিপ বলছে, দিল্লির ৫৩ শতাংশ মানুষ চিকিত্সকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নেন। প্রতি চারজনে একজন কোর্স শেষ করেন না এবং সাধারণ সর্দিকাশির জন্যও চিকিত্সকেরা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন।২০০৫ সালের পর থেকে ভারতে প্রতিবছর অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছয় থেকে সাত শতাংশ হারে বাড়ছে। চিকিত্সা সাময়িকী ‘ল্যানসেট’ বলছে, অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন ২০১২ সালে ভারতে কার্যকারিতা হারিয়েছে।চাঁদ বাট্টাল বলেন, চিকিত্সকেরা অনেক সাদামাটা রোগ উপশমের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, অথচ এসবের জন্য তার প্রয়োজন পড়ে না। কলকাতার ফোর্ড হাসপাতালের চিকিত্সক রাজা ধর বলেন, চিকিত্সকদের উচিত দায়িত্ব নেয়া। রোগীদের মানসিক অবস্থা গঠনের ক্ষেত্রে চিকিত্সকদের একটা বড় ভূমিকা রয়েছে।নতুন আবিষ্কার নেই১৯৮৭ সালে শেষ অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছিল। এরপর আর কোনো উন্নতি নেই। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের মহাসচিব ডি জি শাহ বলেন, অ্যান্টিবায়োটিক আবিষ্কার ব্যয়সাধ্য এবং এর ব্যবহার খণ্ডিত সময়ের জন্য বলে বড় বড় কোম্পানিগুলো এ খাতে ব্যয় করতে চায় না। সাধারণত যেসব ওষুধ রোগীদের সারা বছর বা জীবনভর খেতে হয়, সেগুলো আবিষ্কার ও বাজারজাত করা কোম্পানিগুলোর জন্য লাভজনক।সাধারণত পেটেন্ট আইন অনুযায়ী, একটি ওষুধ তৈরির পর কোনো কোম্পানি ২০ বছর সেটি এককভাবে বাজারজাত করার আইনগত স্বীকৃতি পায়। এরপর যে কেউ চাইলে তা তৈরি ও বাজারজাত করতে পারে। এ কারণে অনেক কোম্পানি অ্যান্টিবায়োটিক তৈরি করতে চায় না। সমাধানের খোঁজেমহামারি যখন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, সমাধানের তাগিদও তত বাড়ছে। আপাতত বিশেষজ্ঞরা সমাধান দেখছেন, একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক-নীতি তৈরির মধ্যে। তবে ব্যবস্থা নেওয়ার আগে যদি অ্যান্টিবায়োটিক যুগের সমাপ্তি ঘটে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আশঙ্কা আছে, আধুনিক চিকিত্সাব্যবস্থার অবসানেরও।