অ্যান্টিবায়োটিক অকার্যকর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের নাম লিখছেন। রোগীরা ব্যবস্থাপত্র ছাড়াও কিনছে। রোগের জীবাণু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠেছে। অ্যান্টিবায়োটিক সেবন করেও রোগী সুস্থ হচ্ছে না। এ কারণে চিকিৎসা-ব্যয়ও বাড়ছে। ‘বাংলাদেশের জেলা হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের চিত্র’ শীর্ষক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স মিলনায়তনে এক কর্মশালায় ওই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহায়তা ও যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ গবেষণাটি করেছে। ২০০৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, খুলনা, ময়মনসিংহ, নড়াইল ও শেরপুর জেলা হাসপাতালে জরিপ চালায় ১২ সদস্যের একটি গবেষণা দল। তারা ছয়টি জেলা হাসপাতালের দুই হাজার ২১০টি ব্যবস্থাপত্র বিশ্লেষণ করে। কর্মশালায় গবেষণার ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের শিক্ষক সীতেশ চন্দ্র বাছার। তিনি বলেন, জেলা হাসপাতালগুলোতে মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগের ৯০ শতাংশ রোগী কোনো না কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। সবচেয়ে বেশি ব্যবহার হয় সেন্ট্রিঅক্সান। সীতেশ চন্দ্র বাছার বলেন, ছয়টি জেলা হাসপাতালে দেখা গেছে, এরিথ্রোমাইসিন নামের অ্যান্টিবায়োটিক রোগ নিরাময়ে আর কাজ করছে না। এজিথ্রোমাইসিন ৫০ শতাংশ ক্ষেত্রে কাজ করে। সিপ্রোফ্লোক্সাসিন মাত্র ২০ শতাংশ ক্ষেত্রে কাজ করে। এটিও পুরোপুরি অকার্যকর হওয়ার পথে। গবেষকেরা বলছেন, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার না হওয়ার কারণে এগুলো কার্যকারিতা হারাচ্ছে। ফলে রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। রোগী ওষুধ সেবন করছে, কিন্তু কাঙ্ক্ষিত সময়ে সুস্থ হচ্ছে না। দীর্ঘদিন ভুগতে হচ্ছে। এতে চিকিৎসা-ব্যয়ও বাড়ছে। একই সঙ্গে চিকিৎসক ও চিকিৎসা-ব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণা খারাপ হচ্ছে। গবেষকেরা অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের ওপর জোর দিয়েছেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তাঁরা। অনুষ্ঠানে বলা হয়, বিশ্বে যত অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্রে লেখা হয়, তার ৫০ শতাংশের প্রয়োজন নেই। আর যত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তার মাত্র ৩০ শতাংশ চিকিৎসকের ব্যবস্থাপত্রের মাধ্যমে হয়। বাকি ৭০ শতাংশ ওষুধের দোকান থেকে কেনে রোগীপক্ষ। গবেষণার প্রধান তদন্তকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী বলেন, ওষুধ যদি সঠিকভাবে তৈরি ও সংরক্ষণ করা না হয়, তবে তা জীবাণুকে মারতে পারে না। এ কারণেও জীবাণু ধীরে ধীরে ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, জীবাণু ওষুধ-প্রতিরোধী হওয়ার ক্ষেত্রে চিকিৎসক, রোগী ও ওষুধের দোকান সমানভাবে দায়ী। তিনি বলেন, রোগ হলেই অ্যান্টিবায়োটিক সেবন করার মানসিকতা পরিবর্তন করতে হবে। সহ-তদন্তকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক এ বি এম ফারুক বলেন, অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য অশনিসংকেত। তিনি বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে না পারলে একে একে সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ইসমাইল খান বলেন, যথাযথ রোগ নির্ণয়, সঠিক ওষুধ, নির্দিষ্ট মাত্রার (ডোজ) ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ সেবন—এই বিষয়গুলোর প্রতি অবহেলার কারণে অ্যান্টিবায়োটিক অকার্যকর হচ্ছে। বিএসএমএমইউয়ের চিকিৎসক এ বি এম আবদুল্লাহ বলেন, আইন না থাকার কারণে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে।