অ্যান্ডারসেনের লেখা প্রথম গল্পের সন্ধান
বিখ্যাত শিশুতোষ কাহিনির লেখক হ্যান্স ক্রিসচিয়ান অ্যান্ডারসেনের লেখা প্রথম ছোটগল্পটি খুঁজে পাওয়া গেছে একটি বাক্সের তলা থেকে। ইতিহাসবেত্তাদের বরাত দিয়ে বিবিসি আজ বৃহস্পতিবার জানিয়েছে, অ্যান্ডারসেনের ডেনমার্কের বাসার কাছের একটি স্থানে বাক্সটি খুঁজে পাওয়া যায়।‘মেদের মোমবাতি’ শিরোনামের ছোটগল্পটির মূল বিষয়বস্তু একটি বিশেষ মোমবাতি। দীর্ঘদিন অব্যবহূত থাকায় মোমবাতিটির দিকে কেউ খেয়ালও করেনি। ধুলাময়লা জমে গিয়েছিল সেটির ওপরে। উপেক্ষিত মোমবাতিটিকে যখন খুঁজে বের করে জ্বালানো হলো, তখন তার আসল সৌন্দর্য সবাই বুঝতে পারল। দোয়াতের কালিতে লেখা পাণ্ডুলিপিটির উত্সর্গে লেখা আছে, ‘অনুরক্ত এইচ সি অ্যান্ডারসেনের পক্ষ থেকে মি বাঙ্কফ্লাডের প্রতি।’ বিশেষজ্ঞরা বলছেন, গল্পটি সম্ভবত ১৮২০ সালের দিকে লেখা।মিসেস বাঙ্কফ্লাড সম্ভবত ছিলেন একজন বিধবা, যাঁর কাছ থেকে অ্যান্ডারসেন শৈশবে বই ধার করে পড়তেন এবং প্রায়ই বাঙ্কফ্লাডকে বই পড়ে শোনাতেন।ডেনমার্কের দৈনিক ‘পলিটিকেন’-কে বিশেষজ্ঞরা বলেছেন, এর মূল পাণ্ডুলিপিটি অনেক দিন খুঁজে পাওয়া যায়নি।পত্রিকাটি ছোটগল্পটি ড্যানিশ ভাষা ছাড়াও ইংরেজিতে প্রকাশ করেছে।ইতিহাসবেত্তা ইসবেন ব্রাজ অক্টোবর মাসে দেশটির ফিউনেন এলাকায় অবস্থিত জাতীয় সংগ্রহশালার একটি বাক্সে পাণ্ডুলিপিটি খুঁজে পান। এরপর বিশেষজ্ঞরা ৭০০ শব্দের পাণ্ডুলিপিটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।বিশেষজ্ঞরা বলছেন, গল্পটি অ্যান্ডারসেনের কাঁচা হাতের লেখা। সম্ভবত তখন তিনি মাধ্যমিক স্কুলে পড়তেন।অ্যান্ডারসন ১৮০৫ সালে ডেনমার্কের ওদেনসেতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন মুচি এবং মা ধোপা। ১৮৩৫ সালে তাঁর প্রথম বই প্রকাশের আগে তিনি মূলত কাব্যচর্চা করতেন। অ্যান্ডারসেনের বিখ্যাত সাহিত্যকর্ম ‘সম্রাটের নতুন জামা’ ও ‘ছোট্ট মত্স্যকন্যা’র মূল উপজীব্য হলো সম্পদ ও সৌন্দর্য। ‘মেদের মোমবাতি’ গল্পেও এর ছায়া পাওয়া যায়।অ্যান্ডারসেন বিশেষজ্ঞ এজনার স্টিগ আস্কগার্ড বলেছেন, পাণ্ডুলিপিটি যে অ্যান্ডারসেনের সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আস্কগার্ড বলেন, পাণ্ডুলিপির এক জায়গায় নীল কালিতে লেখা আছে, ‘বন্ধু বাঙ্কফ্লাডের পক্ষ থেকে পি প্লামের প্রতি।’ এটি সম্ভবত পরে কখনো লেখা হয়েছিল।প্লাম ও বাঙ্কফ্লাড পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ‘পলিটিকেন’ পত্রিকা জানিয়েছে, মিসেস বাঙ্কফ্লাডের সঙ্গে অ্যান্ডারসেনের সম্পর্ক ছিল খুবই ভালো।১৮৭৫ সালে মৃত্যুবরণ করার আগে অ্যান্ডারসেন শত শত রূপকথার গল্প লেখেন। তাঁর লেখা শতাধিক ভাষায় অনূদিত হয়েছে।